দীর্ঘ ক্যারিয়ারের পরও নিয়মিত নতুন গল্পে কাজ করে চলেছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। এবার তিনি প্রেক্ষাগৃহে ফিরছেন নতুন সিনেমা ‘স্পর্ধা’ নিয়ে। চলচ্চিত্রটিতে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে কোয়েল মল্লিক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনায় রয়েছেন অন্নপূর্ণা বসু।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস–এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির শুভ মহরত। এ সময় উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক অন্নপূর্ণা বসু এবং প্রযোজক নিসপাল সিং রানে। প্রযোজকের ভাবনা থেকে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য।
‘স্পর্ধা’র গল্প আবর্তিত হয়েছে একজন আত্মমর্যাদাবোধসম্পন্ন স্বাধীনচেতা নারীকে ঘিরে। যিনি কর্মজীবনে কোনো আপস না করেও সংসার, পেশা এবং নিজের স্বপ্নকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যান। তার সংগ্রাম, আত্মসম্মান ও দৃঢ়তার গল্পই উঠে আসবে এই সিনেমায়।
এই চলচ্চিত্রের আরেকটি বিশেষ আকর্ষণ, দীর্ঘদিন পর আবারও পর্দায় জুটি বাঁধছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হবে ‘স্পর্ধা’র শুটিং। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শুরুতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালিত ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে। সেই ছবিতে কোয়েলের আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক।