বহুদিন ধরেই আলোচনায় ছিল রায়হান রাফী পরিচালিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’। প্রথম পোস্টার প্রকাশের পর চরিত্রগুলোর ভিন্নধর্মী লুক নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তুমুল আলোচনা। সেই কৌতূহলের ধারাবাহিকতায় অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ পেল সিনেমাটির বহুল প্রতীক্ষিত টিজার।
এক মিনিট ২৬ সেকেন্ডের টিজারে নির্মাতা তুলে ধরেছেন মৃত্যু, অশুভ শক্তি, কালোজাদু ও রহস্যে ঘেরা এক ভয়াল জগত। শুরুতেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে ধীরে ধীরে এগিয়ে আসা ভয়ংকর এক হাত যেন দর্শককে টেনে নেয় অন্ধকারের ভেতর। এরপর পরপর দেখা যায় বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত, ঘন অরণ্যে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর নানা ভীতিকর আচারের ঝলক।
টিজারে নাজিফা তুষিকে দেখা গেছে এক রহস্যময় ও বিপর্যস্ত নারীর চরিত্রে, যিনি যেন অশুভ কোনো শক্তির কবলে আটকে পড়েছেন। অন্যদিকে চঞ্চল চৌধুরী ও গাজী রাকায়েতের উপস্থিতি খুবই সংক্ষিপ্ত হলেও তাদের ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ।
সবচেয়ে বেশি প্রশ্ন জাগিয়েছে সিয়াম আহমেদের চরিত্র। কখনও তাকে দেখা যায় লাশের সামনে গভীর চিন্তায়, আবার কখনও অ্যাকশন দৃশ্যে। আর টিজারের শেষ মুহূর্তে তার জ্বলজ্বলে নীল চোখ পুরো গল্পকে আরও রহস্যময় করে তুলেছে।
শোনা যাচ্ছে, ‘আন্ধার’ দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় বাজেটের প্রযোজনা। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিন, ফররুখ আহমেদ রেহানসহ আরও অনেকে।
টিজারেই জানানো হয়েছে, আগামী অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘আন্ধার’।