চ্যানেল আই সেরাকণ্ঠের প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। প্রায় ১৫ বছর পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক কনসার্টে অংশ নিতে গতকাল বাংলাদেশ ছেড়েছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
এক মাসেরও বেশি সময়ের এ সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রায় ১২টি কনসার্টে গান গাওয়ার কথা রয়েছে তার। তবে দর্শক চাহিদা ও আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী শোর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ঝিলিক।
২০১১ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে কনসার্ট করেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর এটিই তার দ্বিতীয় মার্কিন সফর। এ প্রসঙ্গে ঝিলিক বলেন, অনেক বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এবার এক মাসেরও বেশি সময় থাকব। বিভিন্ন স্থানে প্রায় ১২টি শো রয়েছে, সংখ্যাটি আরও বাড়তে পারে।
দেশি এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টগুলোতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সংগীতশিল্পী ইমরান ও কনার সঙ্গেও মঞ্চ ভাগ করবেন ঝিলিক। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে তার যাত্রা হয়েছে বলেও জানা গেছে।
প্রবাসী বাংলাদেশিদের সামনে গান গাওয়াকে সবসময়ই বিশেষ অনুভূতির বলে মনে করেন ঝিলিক। তার ভাষায়, দেশের বাইরে থাকলেও বাংলা গান ও সংস্কৃতির প্রতি প্রবাসীদের ভালোবাসা শিল্পীদের নতুন করে অনুপ্রাণিত করে।
সফর শেষে দেশে ফিরে নতুন গান প্রকাশের কাজেও ব্যস্ত হয়ে উঠবেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।