• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিল্পকলার মঞ্চে রুনা লায়লার বিশেষ একক সংগীতানুষ্ঠান

ডেস্ক নিউজ / ২৩৯ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘদিন পর একক সংগীতানুষ্ঠান নিয়ে উঠছেন মঞ্চে। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে তার বিশেষ এই একক পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ধারাবাহিক বিশেষ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছে একাডেমি ও শিল্পীর পক্ষ।

সম্প্রতি পারিবারিক প্রয়োজনে যুক্তরাষ্ট্রে এক মাসের বেশি সময় অবস্থান শেষে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন এই বিশেষ আয়োজনের প্রস্তুতিতে।

জানা গেছে, অনুষ্ঠানে ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবন থেকে বেছে নেওয়া শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন তিনি। তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের জনপ্রিয় ও কালজয়ী গানই থাকবে এ আয়োজনের মূল আকর্ষণ।

দেশের বরেণ্য সংগীতশিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ একক সংগীতানুষ্ঠানের ধারাবাহিক আয়োজন শুরু হয় গত বছর। এর আগে এই মঞ্চে একক পরিবেশনায় অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। সেই ধারাবাহিকতার তৃতীয় আয়োজনের শিল্পী হিসেবে এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন রুনা লায়লা।

অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, আমাদের সংগীতজীবনের দীর্ঘ পথচলা, গান আর স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন। শ্রোতাদের পছন্দের কিছু গান পরিবেশন করার চেষ্টা থাকবে। আমার ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমির মঞ্চে দুই-তিনবারের বেশি গান গাওয়া হয়নি। তবে একক সংগীতানুষ্ঠান এবারই প্রথম। আশা করছি, শ্রোতাদের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা কাটাতে পারব।

এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে এই বরেণ্য শিল্পীর। সেখানে তিনি একাধিক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ