• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

হাইকোর্টে সশরীরে হাজির রিয়াজ, আগাম জামিন নামঞ্জুর

বিনোদন প্রতিবেদক / ৬ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে স্বস্তি পাননি চিত্রনায়ক রিয়াজ। আগাম জামিন চেয়ে করা তার আবেদন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুনানি শেষে খারিজ করে দেন আদালত।

সশরীরে হাইকোর্টে হাজির হয়ে রিয়াজ দুটি মামলায় আগাম জামিন প্রার্থনা করেন। তবে শুনানি শেষে আদালত তার পক্ষে কোনো অন্তর্বর্তী সুরক্ষা দেননি।

মামলাগুলোর একটি রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়। ২০২৫ সালের ২ মে হওয়া এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে একই বছরের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

এ মামলায় আসামি হওয়া অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।

এ ছাড়া কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ ১৫ জন সাংবাদিক এবং অধ্যাপক জাফর ইকবাল, মিজানুর রহমান, মুনতাসির মামুনসহ ১৩ জন শিক্ষকও মামলার আসামির তালিকায় রয়েছেন। একই মামলায় ইমরান এইচ সরকার ও লাকী আক্তারের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অপর হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই দুই মামলায় আগাম জামিন চাইলেও আদালত তার আবেদন মঞ্জুর করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ