• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

কানাডায় বাংলাদেশি সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন জায়েদ-অধরা

এম.আর.জে শান্ত / ৩৮ পঠিত
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

উত্তর আমেরিকায় নিজ নিজ আন্তর্জাতিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। সেই ব্যস্ততার মধ্যেই এবার কানাডার মাটিতে নির্মিত একটি বাংলাদেশি সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন এই দুই তারকা। সিনেমাটির বিষয়টি তারা নিশ্চিত করলেও নাম ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হয়নি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রের পরিচিত মুখ জায়েদ খান। সাম্প্রতিক সময়ে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্ট ও শোবিজ কার্যক্রমে যুক্ত হয়েছেন। দেশীয় ক্যারিয়ারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খানও আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত কাজ করছেন। হলিউডের বিভিন্ন প্রজেক্ট, স্টেজ শো ও বিজ্ঞাপনের পাশাপাশি ২০২৬ সালের শুরুতে ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামে একটি আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। কাজের প্রয়োজনে বাংলাদেশ ও কানাডার মধ্যে নিয়মিত যাতায়াত করছেন এই অভিনেত্রী।

আন্তর্জাতিক অভিজ্ঞতার এই সময়ে দুই শিল্পীকে একই সিনেমায় দেখা যাওয়ায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আলাদা আগ্রহ। দেশের বাইরে বাংলাদেশি গল্প নিয়ে নির্মিত ছবিটি শুরু থেকেই আলোচনায় এসেছে নতুন এই জুটির কারণে।

২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অধরা খানের। পরে ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’ সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান শক্ত করেন। তার অভিনীত ‘সুলতানপুর’ পরবর্তীতে হিন্দি ভাষাতেও মুক্তি পায়।

জায়েদ খান ও অধরা খান জানিয়েছেন, কানাডায় নির্মিত এই বাংলাদেশি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেবে প্রযোজনা প্রতিষ্ঠান। আপাতত গল্প ও নির্মাণসংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ