• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

মডেলিংয়ে ক্যারিয়ারের দরজা খুলছে রানওয়ে উইকের অডিশন

এম.আর.জে শান্ত / ৯২ পঠিত
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মডেলিংকে পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন অনেক তরুণ-তরুণী। সেই স্বপ্নকে বাস্তবতার পথে এগিয়ে নিতে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক-এর বিশেষ অডিশন ও গ্রুমিং কার্যক্রম। আয়োজকদের ভাষায়, এটি কেবল প্রতিভা বাছাই নয়, বরং নতুনদের পেশাদার মডেল হিসেবে গড়ে তোলার একটি প্রশশিক্ষণভিত্তিক উদ্যোগ।

রোববার রাজধানীর গুলশানের নিকেতনে অনুষ্ঠিত প্রথম দিনের অডিশনে অংশ নেন প্রায় ১২০ জন শিক্ষার্থী। সেখান থেকে প্রাথমিকভাবে ২৫ জনকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে র‌্যাম্প, ক্যামেরা ও ফ্যাশন উপস্থাপনার বাস্তব অভিজ্ঞতা দেওয়া হবে।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, স্টাইলিস্ট ও ফ্যাশন কোরিওগ্রাফার রাকিব বাবু, ফাতিহা মিয়ামী, মাশিয়াত রহমান এবং তাসনুভা খান। অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের দক্ষতা মূল্যায়ন করা হয়।

আয়োজক কমিটির প্রধান সুমন হোসেন ও মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, একজন সফল মডেলের জন্য বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও নিয়মিত অনুশীলন সমান গুরুত্বপূর্ণ। সে কারণেই এই অডিশন ক্লাসে শুরু থেকেই প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রথম দিনের গ্রুমিং সেশনে অংশগ্রহণকারীদের সঠিকভাবে র‌্যাম্পে হাঁটা, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন, দেহভঙ্গি, চোখের অভিব্যক্তি এবং উপযুক্ত পোশাক নির্বাচনের নানা দিক শেখানো হয়। পাশাপাশি অভিজ্ঞ ট্রেনাররা পেশাদারিত্ব ও মানসিক প্রস্তুতি নিয়েও দিকনির্দেশনা দেন।

অংশগ্রহণকারী নবীনদের ভাষ্য, অডিশনের প্রথম দিনেই তারা মডেলিংয়ের অনেক মৌলিক বিষয় শিখেছেন। বিশেষ করে র‌্যাম্পে শরীরের ভারসাম্য, ভঙ্গি ও অভিব্যক্তি নিয়ে পাওয়া পরামর্শ ভবিষ্যতের পথচলায় সহায়ক হবে বলে মনে করছেন তারা।

আয়োজকদের আশা, এই উদ্যোগ থেকেই দেশের ফ্যাশন অঙ্গনে যুক্ত হবে একঝাঁক নতুন মুখ। প্রশিক্ষণের সব ধাপ শেষে নির্বাচিতদের নিয়ে আয়োজন করা হবে একটি বড় র‌্যাম্প শো, যেখানে নবীনরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ