অভিনয় ও কোরিওগ্রাফির পাশাপাশি এবার নতুন গানে শ্রোতা-দর্শকদের সামনে আসলেন সুদর্শন পুরুষ খ্যাত তারকা এডলফ খান। সম্প্রতি নিজের অভিনীত নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’র মহরত সম্পন্ন করেছেন তিনি। আর এর পরপরই নিজের ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন এই অভিনেতা ও কোরিওগ্রাফার।
‘আমি তো সবই জানি’ শিরোনামের এই গানটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স। গানটির আকর্ষণীয় মিউজিক ভিডিওটিতে এডলফ খানের সঙ্গে সহশিল্পী হিসেবে দেখা যাবে মডেল সায়ান্তাকে।
বড় পরিসরে নির্মিত এই ভিডিওর নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন কোরিওগ্রাফার রিকো ও তাঁর দল। গানটির শুটিংয়ে প্রায় এক শ জনের একটি বিশাল টিম কাজ করেছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ভিডিওটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই এটি দর্শকনম্ন এ প্রকাশ করা হবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ‘আমি তো সবই জানি’ মিউজিক ভিডিওটিতে বেশ বড় বাজেটের পাশাপাশি সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েই কাজ করেছেন এডলফ খান। সিনেমার মহরত অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই নতুন এই মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অভিনয়, কোরিওগ্রাফি ও ফ্যাশন অঙ্গনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা এডলফ খানের ক্যারিয়ারে এই মিউজিক ভিডিওটি একটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। বর্ণিল আয়োজনের এই কাজটি প্রকাশের পর দর্শক মহলে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।