কিংবদন্তি ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ডিসকো ড্যান্সার’খ্যাত এই অভিনেতা বর্তমানে ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শারীরিক অসুস্থতা অনুভব করায় দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগেও একই হাতে অস্ত্রোপচার করিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে এবার কী কারণে পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা অভিনেতার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা দেওয়া হচ্ছে।
এদিকে প্রিয় এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।