পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর কাছে জীবনের সবচেয়ে বড় অর্জন কোনো পুরস্কার কিংবা সাফল্য নয়, বরং তার দীর্ঘ দাম্পত্যজীবন। স্বামী অতনু হাজরার সঙ্গে ২৯ বছরের সংসার পেরিয়ে ৩০তম বছরে পা রেখেছেন অভিনেত্রী। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তুলে ধরেছেন দাম্পত্যজীবনের নানা অনুভূতি ও প্রাপ্তির কথা।
অপরাজিতার কাছে বিয়েটা শুধু একটি সম্পর্কের নাম নয়, বরং এমন এক আশ্রয়, যেখানে তাকে নিজের মতো করে গ্রহণ করা হয়েছে। জীবনের নানা সময়ে বিচার ও সমালোচনার মুখোমুখি হলেও শ্বশুরবাড়িতে কখনো নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়নি বলে জানিয়েছেন তিনি।
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে দেওয়া পোস্টে অভিনেত্রী লেখেন, ২৯ বছর পেরিয়ে তারা ৩০তম বছরে পা দিয়েছেন। জীবনের সবচেয়ে বড় পুরস্কার কী, এমন প্রশ্নের মুখোমুখি হলে তিনি কোনো দ্বিধা ছাড়াই ‘বিয়ে’কে সেই পুরস্কার হিসেবে উল্লেখ করেন।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে অপরাজিতা জানান, ছোটবেলা থেকে বিভিন্ন পরিস্থিতিতে তাকে নানা ধরনের বিচার-বিশ্লেষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক সময় তাকে বোঝার আগেই ভুলের জন্য বিচার করা হয়েছে। তবে শ্বশুরবাড়িতে গিয়ে পেয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। সেখানে তার ভুলকে শুধু ভুল হিসেবে দেখা হয়নি, বরং সেই ভুলের পেছনের কারণ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করা হয়েছে।
অভিনেত্রীর ভাষায়, তার অসম্পূর্ণতার মধ্যেও পরিবারের সদস্যরা ভালো দিকটি খুঁজে নিয়েছেন এবং তাকে যেভাবে তিনি, সেভাবেই গ্রহণ করেছেন। এই নিঃশর্ত গ্রহণযোগ্যতাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও আশীর্বাদ বলে মনে করেন তিনি।
অপরাজিতা আরও লিখেছেন, গুরুর আশীর্বাদ ও কৃপায় জীবনের বাকি পথটুকুও যেন তারা একইভাবে ভালোবাসা, বিশ্বাস ও পরস্পরের হাত ধরে পার করে দিতে পারেন। দীর্ঘ দাম্পত্যযাত্রায় যারা পাশে থেকেছেন, শুভকামনা জানিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
স্বামী অতনুর সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের ইচ্ছার কথাও স্পষ্ট করেছেন অপরাজিতা। যে হাত এত বছর ধরে ধরে পথ চলেছেন, জীবনের বাকি পথটুকুও সেই হাত ধরেই হাঁটতে চান তিনি।
এদিকে বিবাহবার্ষিকীর দিন কলকাতার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অভিনয়জীবনের শুরুর সময়ের কথাও স্মরণ করেছেন অপরাজিতা। তার মতে, প্রথম সিনেমার পরিচালক জগন্নাথ গুহর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে। শুধু অভিনয়জীবন নয়, স্বামী অতনু হাজরার সঙ্গে তার পরিচয়ের সূত্রও ছিলেন এই নির্মাতা।
তাই বিশেষ এই দিনে প্রয়াত পরিচালক জগন্নাথ গুহকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন অপরাজিতা। একদিকে ৩০ বছরের দাম্পত্যজীবনের মাইলফলক, অন্যদিকে জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষের প্রতি কৃতজ্ঞতা, সব মিলিয়ে এবারের বিবাহবার্ষিকী অভিনেত্রীর কাছে হয়ে উঠেছে আবেগ ও স্মৃতিতে ভরা একটি বিশেষ দিন।