দেবীরূপে অসুর দমন, আবার কখনো সামান্য বিষয়েও ভয়ে কাঁপছেন পুলিশ কর্মকর্তা। একই সিনেমায় এমন দুই ভিন্ন রূপে হাজির হচ্ছেন দক্ষিণী তারকা নয়নতারা। বুধবার প্রকাশিত হয়েছে তার অভিনীত ‘মুকুথি আম্মান ২’ সিনেমার ট্রেলার। এতে একদিকে যেমন দেবী মুকুথি আম্মানের শক্তিশালী উপস্থিতি দেখা গেছে, অন্যদিকে উঠে এসেছে ভীতু এক পুলিশ কর্মকর্তার গল্প।
২০২০ সালে মুক্তি পাওয়া ‘মুকুথি আম্মান’ সিনেমার প্রথম কিস্তিতে দেবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন নয়নতারা। সিক্যুয়ালেও সেই চরিত্রে ফিরেছেন তিনি। তবে এবার দেবীর পাশাপাশি পুলিশ কর্মকর্তার চরিত্রেও দেখা যাবে তাকে। ট্রেলারে দুই ভিন্ন সত্তায় অভিনেত্রীর উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
ট্রেলারের গল্পে দেখা যায়, রেজিনা ক্যাসান্দ্রা ও দুনিয়া বিজয়ের অভিনীত দুই পৌরাণিক খলনায়ক পৃথিবীতে নেমে আসে ধ্বংসযজ্ঞ চালাতে এবং নিজেদের ক্ষমতা বাড়াতে। তাদের হুমকিতে বিপন্ন হয়ে পড়ে শিশু ও নিরীহ মানুষের জীবন। এমন পরিস্থিতিতে সামনে আসে নয়নতারার অভিনীত পুলিশ কর্মকর্তার চরিত্র।
তবে দায়িত্বে পুলিশ কর্মকর্তা হলেও সাহসের দিক থেকে তিনি বেশ পিছিয়ে। সাধারণ বিষয়েও ভয় পান, এমনকি একা ঘুমাতেও অস্বস্তি বোধ করেন। কিন্তু গল্পে দেবী মুকুথি আম্মানের আবির্ভাবের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ভীতু পুলিশ কর্মকর্তা ও শক্তিশালী দেবী—নয়নতারা অভিনীত এই দুই বিপরীতধর্মী রূপই ট্রেলারের অন্যতম আকর্ষণ। পাশাপাশি পরিচালক সুন্দর সি-র সিনেমার পরিচিত জাঁকজমকপূর্ণ দৃশ্যায়নেরও আভাস মিলেছে।
‘মুকুথি আম্মান ২’ পরিচালনা করেছেন সুন্দর সি। প্রথম কিস্তিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বেও ছিলেন আরজে বালাজি। তবে সিক্যুয়ালে পরিচালকের আসনে নেই তিনি। ছবিটির সঙ্গে নিজের সম্পৃক্ততা থাকার কথাও অস্বীকার করেছেন বালাজি।
নয়নতারা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন উর্বশী, যোগী বাবু, মাইনা নন্দিনী, গরুড়া রাম, অভিনয়া, শ্রুতি এস, সিঙ্গাপুলি আনাভি, ভি আর স্বামীনাথন, শিবকুমার এস, সুনীল বর্মা ইন্দুকুরি, বর্ষিণী ভেঙ্কট, পালা করুপ্পাইয়া, আনন্দ আদিষ্ট লক্ষ্মী, নিতিন সত্য ও দেবলীনা চাকি।
আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মুকুথি আম্মান ২’-এর। মুক্তির সময় বক্স অফিসে ছবিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে সূরিয়া অভিনীত তামিল সিনেমা ‘সিন’ এবং সর্বভারতীয় মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ: পার্ট ১’। ফলে নয়নতারার নতুন সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।