মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করলেও প্রযুক্তিগত জটিলতায় কানাডার একটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত তামিল সিনেমা ‘জেলার ২’। গত ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সিনেমাটির প্রদর্শন গত বুধবার (২১ অক্টোবর) থেকে বন্ধ রেখেছে কানাডার ইয়র্ক সিনেমাস। প্রযোজনা সংস্থার অনুমতি থাকা সত্ত্বেও বৈধ প্রদর্শন-সংক্রান্ত ডিজিটাল কী না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
ইয়র্ক সিনেমাস তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর আমেরিকার পরিবেশক শ্লোকা এন্টারটেইনমেন্টস ও প্রত্যঙ্গিরা সিনেমাসের কাছ থেকে সিনেমাটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় বৈধ কেডিএম (কি ডেলিভারি মেসেজ) পাওয়া যায়নি। প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্সের অনুমতি সাপেক্ষে পরিবেশকদের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হলেও সমস্যাটির সমাধান হয়নি। কর্তৃপক্ষের দাবি, সব আর্থিক লেনদেন সম্পন্ন এবং প্রতিশ্রুতি পূরণ করার পরও বৈধ কেডিএম না পাওয়ায় সিনেমাটি প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রেক্ষাগৃহটি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রযোজনা সংস্থা।
এদিকে প্রদর্শন-সংক্রান্ত জটিলতার মধ্যেও বক্স অফিসে এগিয়ে চলছে ‘জেলার ২’। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৫৪০ কোটি রুপি ছাড়িয়েছে বলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে প্রথম ছয় দিনে সিনেমাটি প্রায় ২৮৯.০৫ কোটি রুপি নেট এবং ৩৩৮.৪৫ কোটি রুপি গ্রস আয় করেছে। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও প্রায় ২০৪ কোটি রুপি। নবরাত্রি ও দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ সিনেমাটির ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যোগী বাবু, বিদ্যা বালান, রম্যা কৃষ্ণন ও এস জে সূর্য। পাশাপাশি মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, হৃতিক রোশন ও বিজয় সেতুপতির ক্যামিও উপস্থিতি সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।