• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

‘কিং’-এ ১৫ বছর পর শাহরুখ-কারিনার পুনর্মিলন

ডেস্ক নিউজ / ৩৮ পঠিত
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দীর্ঘ ১৫ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। ‘ছাম্মাক ছালো’ জুটি ফিরছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর হাত ধরে। তবে এবার পুরো সিনেমাজুড়ে নয়, বিশেষ একটি গানের দৃশ্যে জুটি বাঁধবেন তারা।

ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা অ্যাকশন থ্রিলার ‘কিং’ নিয়ে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে শাহরুখ-কারিনার পুনর্মিলনের খবর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিন ধরে শাহরুখের সঙ্গে বিশেষ গানটির শুটিং করবেন কারিনা।

‘ড্যাডি কুল’ শিরোনামের গানটি বড় আয়োজনেই নির্মাণ করা হচ্ছে। এতে শাহরুখ ও কারিনাকে এমন এক নতুন অবতারে হাজির করা হবে, যা আগে বড়পর্দায় দেখা যায়নি। গানটিতে কণ্ঠ দেবেন একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক শিল্পী। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। সুরের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীতজুটি সচিন-জিগর। গানটিকে স্মরণীয় করে তুলতে নির্মাতারা বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছেন।

শুধু গান নয়, শাহরুখের জন্মদিন ঘিরেও ‘কিং’ নিয়ে রয়েছে বিশেষ পরিকল্পনা। আগামী ২ নভেম্বর অভিনেতার জন্মদিনে সিনেমাটির একটি আকর্ষণীয় ঝলক প্রকাশের কথা রয়েছে। ফলে বাদশার জন্মদিনে ভক্তদের জন্য অপেক্ষা করছে নতুন চমক।

শাহরুখ ও কারিনার পর্দার সম্পর্ক অবশ্য নতুন নয়। ‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’, ‘ডন’ ও ‘রা-ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা-ওয়ান’ ছিল এই জুটির সর্বশেষ সিনেমা। এরপর কেটে গেছে দেড় দশক। এবার ‘কিং’-এর বিশেষ আয়োজনে ফের একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

তারকাবহুল ‘কিং’-এ শাহরুখ-কারিনা ছাড়াও রয়েছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানী মুখার্জি ও জ্যাকি শ্রফসহ আরও অনেকে। বড় বাজেট, অ্যাকশননির্ভর গল্প এবং একঝাঁক তারকার উপস্থিতির কারণে সিনেমাটি নিয়ে আগে থেকেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

তার ওপর দীর্ঘ বিরতির পর শাহরুখ-কারিনার পুনর্মিলন যোগ করেছে নতুন মাত্রা। এখন দেখার বিষয়, ‘কিং’-এর পর্দায় ১৫ বছর পর ফিরেও কতটা পুরোনো জাদু ছড়াতে পারেন এই ‘ছাম্মাক ছালো’ জুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ