রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে হামলার সময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে জানান, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। গুলির শব্দ শুনে তিনি নিচে নেমে আসেন। পরে নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউকে সন্দেহ করার মতো সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ দিতে পারেননি আসিফ আকবর। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসিফ আকবর পুলিশকে জানিয়েছেন, এ বিষয়ে পরে দেখবেন।