• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

প্রথমবার মিউজিক ভিডিওতে ক্যামেলিয়া রাঙ্গা, আসছে ‘ফেরারী মন’

এম.আর.জে শান্ত / ১০০ পঠিত
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী ক্যামেলিয়া রাঙ্গার প্রথম মিউজিক ভিডিও ‘ফেরারী মন’। সম্পূর্ণ মালয়েশিয়ার দৃষ্টিনন্দন ও মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে রোমান্টিক আবহনির্ভর এই মিউজিক ভিডিওটি। এতে ক্যামেলিয়ার বিপরীতে জুটি বেঁধেছেন অনিক আহমেদ রানা।
গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন এম. আর. হুমায়ান ও তানজিয়া জামান। গানটির কথা ও সুর করেছেন এম. আর. হুমায়ান নিজেই, আর সংগীত পরিচালনায় ছিলেন পলাশ ফারুকী। আন্তর্জাতিক মানের এই মিউজিক ভিডিওটির সার্বিক পরিচালনা, প্রযোজনা ও প্রোডাকশনের দায়িত্বে ছিল মালয়েশিয়ার একটি পেশাদার টিম।
প্রথমবার মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত ক্যামেলিয়া রাঙ্গা বলেন, অভিজ্ঞতাটা এক কথায় দারুণ ছিল! আমি সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করলেও মিউজিক ভিডিওতে এবারই প্রথম। মিডিয়ার মানুষ হিসেবে সব মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকা উচিত—এই ভাবনা থেকেই কাজটি করা। মালয়েশিয়ায় শুটিংয়ের পুরো সময়টা নানা অভিজ্ঞতা, আনন্দ আর স্মরণীয় মুহূর্তে ভরপুর ছিল। আশা করছি কাজটি দর্শকদের ভীষণ পছন্দ হবে।
পর্দায় নিজের উপস্থিতি দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ‘আমরা করবো জয়’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন তিনি। পরবর্তীতে ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ সিনেমায় গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুর বিপরীতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।
সম্প্রতি অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও উপস্থিতি জানান দিয়েছেন ক্যামেলিয়া। প্রায় দুই মাস আগে প্রকাশিত এলইসি ব্র্যান্ডের ‘চেঞ্জার’ নামক কীটনাশকের একটি বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। কৃষকদের স্বার্থে নির্মিত এই কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কৃষকদের উপকারে আসে—এমন একটি ভালো কাজের অংশ হতে পেরে আমার ভীষণ আনন্দ লেগেছে।
চলচ্চিত্র ও বিজ্ঞাপনের পর এবার সংগীতনির্ভর দৃশ্যপটেও যুক্ত হলো ক্যামেলিয়া রাঙ্গার নাম। আগামী ২৪ সেপ্টেম্বর ‘ফেরারী মন’ প্রকাশের মাধ্যমে মিউজিক ভিডিওর জগতে তার এই নতুন যাত্রা দর্শক-শ্রোতাদের মাঝে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ