প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেমের বিচ্ছেদের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কী কারণে দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা—এ প্রশ্নই এখন ঘুরছে নেটিজেনদের মধ্যে। এরই মধ্যে তাদের বিচ্ছেদের সম্ভাব্য কারণ নিয়ে বিভিন্ন গুঞ্জনও ছড়িয়েছে।
তবে ব্যক্তিগত বিষয় নিয়ে নানা আলোচনা থাকলেও সবচেয়ে বেশি সামনে এসেছে প্রীতমের ব্যস্ততা, দাম্পত্য জীবনে সময় দিতে না পারা এবং শেহতাজের পরিবর্তিত আচরণের প্রসঙ্গ। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।
প্রীতম হাসানের ঘনিষ্ঠ এক মিউজিশিয়ান বলেন, শো নিয়ে প্রীতমের ব্যস্ততা দিন দিন বাড়ছিল। এতে সংসারের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হচ্ছিল। আমরা শুনেছি, এসব কারণে শেহতাজও ধীরে ধীরে বদলে যেতে থাকেন।’ল
শেহতাজের ঘনিষ্ঠ আরেকজনের ভাষ্য, প্রীতমের ব্যস্ততার কারণে শেহতাজের বদলে যাওয়ার বিষয়টি একেবারে অস্বাভাবিক ছিল না। তবে অভিযোগ শুধু প্রীতমের প্রতি নয়, শেহতাজকে নিয়েও ছিল। এসব বিষয় নিয়ে তারা কয়েক মাস ধরেই ফেডআপ ছিলেন। এরপরই ঝামেলা শুরু হয়।
তিনি আরও বলেন, সেপ্টেম্বরের শুরুতে তাদের ডিভোর্স হয়েছে বলে শুনেছি। বাকিটা তাদের ব্যক্তিগত বিষয়। এসব নিয়ে আমরা মিডিয়ায় কথা বলতে চাই না।
এদিকে রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করেন শেহতাজ। তিনি জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগোচ্ছেন।
রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া ওই পোস্টে শেহতাজ লেখেন, আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো। অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের পরিবারের সমর্থন নিয়ে আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।
তিনি আরও লেখেন, এই পরিবর্তনের সময়ে আমরা আমাদের বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ করছি; যেন আমরা জীবনের এই নতুন অধ্যায়টি সামলে সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৯ অক্টোবর প্রীতম হাসান বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমকে। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয়। সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক।