একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হয়েছে পারিবারিক গল্পের নাটক ‘দাদীর আদর’। জুলফিকার ইসলাম শিশিরের রচনা ও পরিচালনায় নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি ও আবিদ বিন প্রান্ত। আজ বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হচ্ছে নাটকটি।
নাটকটিতে দাদীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। দীর্ঘ অভিনয়জীবনে বহুবার এমন চরিত্রে দেখা গেলেও ‘দাদীর আদর’-এর গল্প নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। নাটকের সহশিল্পী তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরও তাঁকে ব্যথিত করেছে।
দিলারা জামান বলেন, অভিনয়জীবনে বহুবার দাদীর চরিত্রে অভিনয় করেছি। দাদীর আদর নাটকটি চলতি বছরের শুরুর দিকে করা। তানিয়া বৃষ্টি খুব লক্ষ্মী একটি মেয়ে। ভীষণ ভালো অভিনয় করে। মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। এখন শুনছি, সে অনেকটাই সুস্থ হয়ে উঠছে। আল্লাহর কাছে দোয়া করি, বৃষ্টি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সবার কাছে বৃষ্টির জন্য দোয়া চাই।
দিলারা জামানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টিও। তিনি বলেন, শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের অভিনয় অঙ্গনের বটবৃক্ষ। তাঁর সঙ্গে যতবারই নাটকে অভিনয় করেছি, তাঁর আদর, স্নেহ ও ভালোবাসায় সিক্ত হয়েছি। তাঁর কাছ থেকে অভিনয় শেখার শেষ নেই। তিনি অভিনয়ের পাঠশালা, আমাদের পথপ্রদর্শক। দাদীর আদর নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।
এদিকে, দিলারা জামানের সঙ্গে এই প্রথম নাটকে অভিনয় করেছেন আবিদ বিন প্রান্ত। অভিজ্ঞ এই অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগকে বিশেষ হিসেবে দেখছেন তিনি। প্রান্ত বলেন, এই নাটকে আমার দাদীর চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি দিলারা জামান। তানিয়া বৃষ্টির অসুস্থ হওয়ার আগে এটি ছিল তাঁর সঙ্গে আমার সর্বশেষ কাজ। এর আগে তুহিন হোসেন ভাইয়ার পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তাঁর সঙ্গে অভিনয় করেছি। দাদীর আদর নাটকে কাজের সুযোগ দেওয়ায় শিশির ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা। আশা করছি, কাজটি দর্শকের পছন্দ হবে।
দিলারা জামানের অভিনয়, তানিয়া বৃষ্টি ও আবিদ বিন প্রান্তের উপস্থিতিতে নির্মিত ‘দাদীর আদর’ পারিবারিক গল্প নিয়ে দর্শকের সামনে আসছে। নাটকটি প্রকাশের পর দর্শকের কাছে কেমন সাড়া পায়, এখন সেটিই দেখার অপেক্ষা।