নব্বইয়ের দশকে একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বাপ্পারাজ ও ওমর সানী। পর্দার সেই পরিচয় সময়ের সঙ্গে রূপ নিয়েছে বন্ধুত্বে, যা এখনও অটুট। এবার সহকর্মী ও বন্ধু বাপ্পারাজকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর বিনয়, হাসিখুশি স্বভাব ও দুষ্টুমির কথা তুলে ধরেছেন ওমর সানী। একই সঙ্গে বাপ্পারাজের একটি বিশেষ গুণের জন্য তাঁকে জানিয়েছেন স্যালুট।
বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাপ্পারাজকে নিয়ে নিজের অনুভূতির কথা জানান ‘কুলি’খ্যাত এই অভিনেতা। সেখানে বন্ধুর প্রশংসা করতে গিয়ে সানী লেখেন, একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।
নায়করাজ রাজ্জাকের সন্তান এবং নিজেও একজন দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও বাপ্পারাজের মধ্যে কখনো অহংকার দেখেননি বলে জানান ওমর সানী। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, অনেক ছবি করেছি একসাথে, নেই কোন অহংকার। আমি মাঝে মধ্যে অবাক হতাম উনি নায়ক রাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট। উনি কেন আমাদের সাথে কাজ করবেন? কিন্তু দিনশেষে উনি বলতো কাজটাই হচ্ছে আসল।
বন্ধুর সঙ্গে কাটানো দুষ্টুমির দিনগুলোর কথাও মনে পড়েছে সানীর। সেই সময়ের স্মৃতি টেনে তিনি লেখেন, ওই আমলে যদি এই মোবাইল থাকতো তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।
তবে বাপ্পারাজের প্রতি তাঁর বিশেষ শ্রদ্ধার জায়গাটি হলো ব্যক্তিগত জীবনযাপন। বন্ধুর কোনো বদ অভ্যাস নেই উল্লেখ করে ওমর সানী লেখেন, বাপ্পারাজ ভাই আপনাকে একটা কারণে স্যালুট, কোনও বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরং আমরা খারাপ।
সবশেষে নিজের প্রজন্মের একজন অভিনেতা হিসেবে বাপ্পারাজকে নিয়ে গর্বের কথাও জানান সানী। বন্ধুত্বের এই স্বীকারোক্তিতে যেমন উঠে এসেছে সহকর্মীর প্রতি তাঁর শ্রদ্ধা, তেমনি ফুটে উঠেছে দীর্ঘদিনের সম্পর্কের সহজ-সরল রসায়ন।