• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

দুর্গোৎসবে পূজা চেরী, সাদামাটা সাজেই নজরকাড়া

অনলাইন ডেস্ক / ৩৫ পঠিত
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মন্দির থেকে মণ্ডপে। সাধারণ মানুষের পাশাপাশি উৎসবে যোগ দিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। পূজার সাজে মণ্ডপে ঘুরে বেড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন আনন্দঘন মুহূর্ত। সেই তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরীও।

দুর্গাপূজার শুরু থেকেই বিভিন্ন মণ্ডপে ঘুরছেন পূজা। সপ্তমীতে গিয়েছিলেন বনানীর আলোচিত পূজামণ্ডপে। সেখানকার ছবি ফেসবুকে প্রকাশের পর এবার অষ্টমীর সাজে ধরা দিলেন এই অভিনেত্রী। তাঁর নতুন ছবিগুলোতে উঠে এসেছে পূজার আবহ, ঐতিহ্যবাহী সাজ আর উৎসবের মুহূর্ত।

লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর গলায় হালকা গয়না—সাদামাটা সাজেই নজর কেড়েছেন পূজা। শাড়ির ছোট ছোট নকশা আর স্বাভাবিক সাজে তাঁকে দেখা গেছে বেশ স্নিগ্ধ রূপে। সোমবার রাতে ফেসবুকে একসঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিগুলো দেখে ধারণা করা যায়, অষ্টমীতে কোনো গ্রামের পূজামণ্ডপে গিয়েছিলেন তিনি। বাড়ির ভেতরে তৈরি মণ্ডপের পাশাপাশি সেখানকার একটি পুকুরের সামনেও ছবি তুলেছেন পূজা।

ছবির সঙ্গে ভক্তদের উদ্দেশে মহাষ্টমীর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ক্যাপশনে পূজা লেখেন, আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।

পূজার ছবিগুলো প্রকাশের পর তাঁর অনুসারীরাও প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে। আরেকজনের ইচ্ছা, আপনাকে একবার সরাসরি দর্শন করার। অন্য একজন লিখেছেন, এক দুর্গার সামনে আরেক দুর্গা।

এদিকে বড় পর্দায় পূজাকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত ছবিটির কাজ অবশ্য হয়েছিল আরও আগে। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি অভিনেত্রী। এর মধ্যে তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন আলোচনায় এসেছে। তবে আপাতত দুর্গোৎসবের সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন পূজা চেরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ