স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা ও আইনি জটিলতায় জড়িয়ে দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে ছিলেন অভিনেতা জাহের আলভী। সেই বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা।
ক্যামেরার সামনে ফেরার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলভী। নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্যামেরা—স্বাগতম তোমার রাজ্যে!’ তাঁর এই পোস্টের মধ্য দিয়ে অভিনয়ে ফেরার খবরটি সামনে আসে।

জানা গেছে, সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিং করছেন আলভী। নতুন কাজের সেটে কলাকুশলীদের সঙ্গে কেক কেটে প্রত্যাবর্তন উদ্যাপন করেন তিনি। নাটকটিতে আলভীর বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু।
এর আগে গত ফেব্রুয়ারিতে নাটকের শুটিংয়ে নেপালে অবস্থানকালে স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পান জাহের আলভী। এ ঘটনায় ইকরার পরিবারের অভিযোগের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। এরপর আইনি জটিলতার পাশাপাশি জেল ও রিমান্ডের মুখোমুখি হতে হয় অভিনেতাকে। দীর্ঘ বিরতির পর গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পান তিনি।
ব্যক্তিগত জীবনের কঠিন পরিস্থিতি ও আইনি প্রক্রিয়ার কারণে এত দিন অভিনয়ের বাইরে ছিলেন আলভী। এবার নতুন নাটকের মাধ্যমে কাজে ফিরলেন তিনি। শুটিংয়ে ফেরার মধ্য দিয়ে অভিনয়ে তাঁর নিয়মিত হওয়ার পথও খুলল।