• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা তানজিন তিশার, দুমড়েমুচড়ে গেল গাড়ি

ডেস্ক নিউজ / ২৯ পঠিত
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যোগ দিতে যাওয়ার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তাঁর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শরীরে কিছু আঘাত পেলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন এই অভিনেত্রী। তবে পরিস্থিতির কারণে বাতিল করতে হয়েছে তাঁর মানিকগঞ্জ সফর।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তিশার। তাঁকে ঘিরে আয়োজকদের ছিল নানা প্রস্তুতি। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল আগ্রহ। কিন্তু দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব হয়নি তাঁর। স্থগিত করা হয় উদ্বোধনী অনুষ্ঠানও।

দুর্ঘটনার অভিজ্ঞতা জানাতে গিয়ে তানজিন তিশা বলেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!

গাড়িটির ক্ষতিতে মানসিকভাবে কষ্ট পেলেও প্রাণে বেঁচে যাওয়াকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী। নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিশার ভক্ত ও অনুরাগীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। অনেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনাও জানিয়েছেন।

ছোট পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সরব উপস্থিতি রয়েছে। তবে এবার নতুন কোনো কাজ নয়, সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে ফেরার খবরেই আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ