টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের পরিবারে এসেছে নতুন সদস্য। দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। শ্রীময়ী একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমকে সুখবরটি নিশ্চিত করে শ্রীময়ী বলেন, আমি এবং আমার ছেলে দুজনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।
সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন কাঞ্চন-শ্রীময়ী। আনন্দ প্রকাশ করে কাঞ্চন মল্লিক বলেন, ‘অনেক ফোন পাচ্ছি। আমরা খুব খুশি এবং আনন্দিত।
নতুন অতিথিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবিও প্রকাশ করেছেন এই দম্পতি। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘আমরা খুব আনন্দিত। কৃষভির ছোট ভাই হয়েছে। তিন থেকে চার হলাম আমরা। জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। কৃষিভকে আমাদের পরিবারে স্বাগত।
এবারও সন্তান আগমনের বিষয়টি গোপন রেখেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। এর আগে তাদের প্রথম সন্তান কৃষভির জন্মের খবরও প্রকাশ্যে এসেছিল বেশ কিছুদিন পর। এবারও একই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
যদিও গত কয়েক মাস ধরে শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন টালিউডে আলোচনায় ছিল। বিধানসভা নির্বাচনের সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। তবে সে সময় বিষয়টি নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পুত্রসন্তানের জন্মের সুখবর জানালেন কাঞ্চন ও শ্রীময়ী। তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।