• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

পায়রাকে উৎসর্গ করে লুইপার নতুন গান ‘প্রজাপতি’

ডেস্ক নিউজ / ২৫ পঠিত
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

শুদ্ধ গানের ধারায় নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তোলা কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা প্রকাশ করেছেন নতুন মৌলিক গান ‘প্রজাপতি’। ৫ সেপ্টেম্বর কন্যা পায়রার জন্মদিন উপলক্ষে বিশেষ এই গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছেন তিনি।

গানটির সবচেয়ে আবেগঘন দিক হলো, এতে লুইপার সঙ্গে মডেল হয়েছেন ছোট্ট পায়রাও। জন্মদিনে মেয়েকে উৎসর্গ করেই গানটি প্রকাশ করেছেন এই শিল্পী।

সামাজিক মাধ্যমে লুইপা লিখেছেন, আমার মেয়ে পায়রা। এইটুকু বয়সেই ও তার নামের সার্থকতা রেখেছে। আমাদের অস্থির, উড়ালপংখী জীবনে সে এনে দিয়েছে শান্তি, স্থিরতা আর জীবনের অর্থ। তাই ও শুধু পায়রা নয়, ও আমার রঙিন প্রজাপতি। জন্মদিনে ‘প্রজাপতি’ গানটি ওকেই উপহার দিলাম।

গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন। মজার বিষয় হলো, তিনিও গানটি লিখেছেন নিজের কন্যা মাইজাহ ইসলাম রিদাকে ঘিরে। বিষয়টি উল্লেখ করে লুইপা বলেন, প্রজাপতির গল্পটাও দারুণ। জীবন ভাই তাঁর নিজের প্রজাপতিকে নিয়ে গানটি লিখেছেন। আমার মৌলিক গানগুলোর মধ্যে এটি সবসময় বিশেষ হয়ে থাকবে।

রবিউল ইসলাম জীবনও নিজের ফেসবুকে লিখেছেন, “আমার কথায় লুইপার নতুন গান ‘প্রজাপতি’। জন্মদিন উপলক্ষে কন্যা পায়রাকে গানটি উপহার দিয়েছে সে। ভিডিওতে প্রজাপতি হয়ে উড়েছেন মা-মেয়ে। আমার নিজের প্রজাপতি রিদাকে নিয়েই গানটি লেখা।

‘প্রজাপতি’ গানের সুর ও সংগীতায়োজন করেছেন সাম্যব্রত দৃপ্ত। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রকাশিত হয়েছে লুইপার নিজস্ব ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ