বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ড ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সেখানে তাকে আর্থিক সংকটে পড়ে বাড়ি হারানো এবং বর্তমানে ভাড়া বাসায় বসবাসকারী হিসেবে তুলে ধরা হয়েছে। তবে অভিনেত্রী বলছেন, এসব তথ্য তার বর্তমান জীবনের সঙ্গে কোনো সম্পর্কই নেই।
দিলারা জামানের ভাষ্য অনুযায়ী, ভাইরাল পোস্টে যে ঘটনার কথা বলা হয়েছে, সেটি বহু বছর আগের একটি অধ্যায়। শ্যামলীতে তাদের পৈতৃক বাড়িকে কেন্দ্র করে ২০০৩–০৪ সালের দিকে দখলের জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টি সে সময় সংবাদমাধ্যমেও আসে, কিন্তু পরে পরিস্থিতির সমাধান হয়ে যায়।
তিনি জানান, পরবর্তীতে সেই বাড়ি বিক্রি করে ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে আসেন। সেখানে নিজের কেনা ১,৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন। ফলে তাকে ভাড়া বাসায় থাকার দাবি সম্পূর্ণ মিথ্যা।
ভাইরাল তথ্য নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী বলেন, মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু যাচাই করে লিখলেই তো হয়।
বর্তমানে দুই মেয়ে বিদেশে থাকলেও দিলারা জামান নিজে দেশেই আছেন এবং অভিনয়ের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তার স্পষ্ট বক্তব্য, পুরোনো একটি ঘটনাকে বর্তমান বলে প্রচার করেই সামাজিক মাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।