জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্ব নির্মিত হয়েছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে কেন্দ্র করে। এবারের আয়োজনে জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনসংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়েছে লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে। অনুষ্ঠানকে ঘিরে জেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গেয়েছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আকাশ মাহমুদ। এছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত পরিচিতিমূলক নৃত্যগীতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
দর্শকপর্বে লক্ষ্মীপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে। পাশাপাশি থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং লক্ষ্মীপুরের কৃতী সন্তান নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।
এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য, পর্যটনের সম্ভাবনা, সয়াবিন চাষ, একটি অনুপ্রেরণাদায়ী প্রাথমিক বিদ্যালয় এবং নদীভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন প্রচার করা হবে।
বিদেশি পর্বে স্থান পেয়েছে বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং উপকূলীয় সড়ক গ্রেট ওশান রোড। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে কাশেম টিভির নতুন পর্ব, দর্শকদের চিঠিপত্র এবং সমসাময়িক সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।
আগামী ৩০ জুলাই, শুক্রবার রাত >৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।