বাংলা নাটকের জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনীর জন্মদিন আজ। ১৯৯৭ সালের ২৪ আগস্ট বরিশালে জন্ম নেওয়া এই অভিনেত্রী অল্প সময়েই ছোট পর্দার অন্যতম ব্যস্ত ও দর্শকপ্রিয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হলেও অভিনয়ে তার অভিষেক হয় ২০২২ সালে। এরপর একের পর এক নাটকে স্বতঃস্ফূর্ত অভিনয়, সাবলীল সংলাপ ও ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করে দর্শকের ভালোবাসা কুড়িয়ে নেন তিনি।
তটিনীর ক্যারিয়ারের বড় মোড় আসে ‘সময় সব জানে’ নাটকে অভিনয়ের মাধ্যমে। এই কাজের জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেন। পরবর্তীতে ‘লাভ সাব’ নাটকের জন্যও মেরিল-প্রথম আলো পুরস্কার এবং ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ নাটকের জন্য দীপ্ত পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পান তিনি।
বর্তমানে তৌসিফ মাহবুব, মুশফিক আর ফারহান, জোভান, ইয়াশ রোহানসহ সমসাময়িক জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক আলোচিত নাটকে অভিনয় করছেন তটিনী। গল্পনির্ভর ও বৈচিত্র্যময় কাজের প্রতি তার আগ্রহই তাকে এই প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জন্মদিনে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী। জন্মদিনে ‘বিনোদন টাইমস’-এর পক্ষ থেকেও তাঁর জন্য রইল শুভকামনা।