নাট্যনির্মাতা নাজনীন হাসান খানের মুকুটে যুক্ত হলো আরও একটি সম্মানজনক স্বীকৃতি। ‘সর্ব-প্যাথি ডাক্তার’ নাটকের জন্য তিনি দ্বিতীয়বারের মতো বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন।
গত ২৪ আগস্ট রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডের ১৪তম আসর। নাটক ও চলচ্চিত্র অঙ্গনের তারকা শিল্পী, নির্মাতা এবং কলাকুশলীদের উপস্থিতিতে বর্ণিল আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।
নাজনীনের হাতে সেরা পরিচালকের পুরস্কার তুলে দেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রিয় সহশিল্পীর হাত থেকে এই স্বীকৃতি গ্রহণের মুহূর্তটি তাঁর জন্য ছিল আনন্দ ও আবেগে ভরা।
পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়ায় নাজনীন হাসান খান বলেন, দর্শকের ভালোবাসাই একজন নির্মাতার সবচেয়ে বড় পুরস্কার। ‘সর্ব-প্যাথি ডাক্তার’ আমার হৃদয়ের খুব কাছের একটি কাজ। এই অর্জন পুরো টিমের, যারা নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে নাটকটি নির্মাণে পাশে ছিলেন।
২০১০ সালে নাট্যরচনার মাধ্যমে পথচলা শুরু করেন নাজনীন। এরপর টেলিভিশন নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক মিলিয়ে ৫০টিরও বেশি নির্মাণে তিনি নিজের স্বতন্ত্র গল্প বলার ধারা প্রতিষ্ঠা করেছেন। পারিবারিক সম্পর্ক ও সামাজিক বাস্তবতার গল্পই তাঁর কাজের প্রধান শক্তি। ‘মায়ের ইচ্ছা’ ও ‘আধুনিক চোর’ তাঁর উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে অন্যতম।
এর আগে বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৪ এবং ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৫-এও সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডের এই সম্মান তাঁর নির্মাণজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীম জামান, আখম হাসান, রোবেনা রেজা জুঁই, ফরিদ হোসেন, মো. ফাহাদ, মমিন সরকার, ফরিদুল ইসলাম রুবেল এবং দ্য ডেইলি সানের সাংবাদিক মো. জাহিদুল ইসলামসহ বিনোদন অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তি।