• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

নিজেকে অহনার বোন পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিনেত্রী

ডেস্ক নিউজ / ৫৮ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাবেক সহকারীকে ঘিরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন জনপ্রিয় নাট্যঅভিনেত্রী অহনা রহমান। তার অভিযোগ, অভিনেত্রীর নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন তার সাবেক সহকারী আফিফা। এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশের পাশাপাশি অভিযুক্ত তরুণীকে শেষবারের মতো সতর্ক করেছেন অহনা।

সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী। একই সঙ্গে তার নাম ব্যবহার করে কেউ আর্থিক সহায়তা চাইলে তা যাচাই না করে বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

অহনা জানান, রোববার গভীর রাতে তার বাসার নিচে গিয়ে হাজির হন আফিফা। এ সময় নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন তিনি। বিষয়টি নিরাপত্তাকর্মীরা ফোন করে ফ্ল্যাটে জানানোর চেষ্টা করলেও গভীর রাতে পরিবারের কেউ ফোন ধরতে পারেননি। পরে অনুমতি ছাড়াই ভোর ৬টা পর্যন্ত নিরাপত্তাকর্মীদের কক্ষে অবস্থান করেন ওই তরুণী।

অভিনেত্রীর ভাষ্য, রাতেই তাকে চলে যেতে বলা হলে আফিফা জানান, ‘এত রাতে একটা মেয়ে মানুষ আমি কই যাব?’

পরদিন সকালে পরিবারের সদস্যরা হাঁটতে বের হলে নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজন তাদের জানান, একজন ‘মেহমান’ রাত থেকে নিচে বসে আছেন। বিষয়টি জানতে পেরে তারা অবাক হন। পরে তারা জানতে পারেন, ওই তরুণীই অহনার সাবেক সহকারী আফিফা।

অহনার দাবি, আফিফা বিভিন্ন মানুষের কাছে নিজেকে তার বোন পরিচয় দিয়ে অর্থ সহায়তা চেয়ে বেড়াচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে এর আগেও একাধিকবার সতর্ক করেছেন বলে জানান অভিনেত্রী।

নিজের স্ট্যাটাসে অহনা লেখেন, আফিফা খুব অল্প সময়ের জন্য তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। তাকে উদ্দেশ করে এটিকে শেষ সতর্কবার্তা উল্লেখ করে অভিনেত্রী বলেন, এরপরও যদি তাকে কোনোভাবে হয়রানি বা বিরক্ত করা হয়, তাহলে আফিফা ও তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে নিজের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন অহনা রহমান। তার নাম ব্যবহার করে কেউ আর্থিক লেনদেন বা সাহায্যের আবেদন করলে যথাযথভাবে যাচাই না করে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ