ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। রুপালি পর্দায় তাঁর উপস্থিতি একসময় দর্শকের হৃদয়ে তৈরি করেছিল নতুন এক উন্মাদনা। অকালপ্রয়াণের তিন দশক পেরিয়ে গেলেও সেই ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সালমান শাহ হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের নস্টালজিয়ার অন্যতম প্রতীক। তাঁর সিনেমা মানেই নব্বইয়ের দশকের রোমান্টিকতা, তারুণ্যের আবেগ আর দর্শকের ভালোবাসায় ভরা এক স্বর্ণালি সময়ের স্মৃতি।
আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনটিকে সামনে রেখে প্রয়াত এই নায়ককে স্মরণে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার থেকে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর আড়াইটায় প্রচারিত হবে সালমান শাহ অভিনীত একটি করে সিনেমা।
আয়োজনের প্রথম দিন আজ প্রচারিত হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। সিনেমাটিতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।
সালমান শাহর মৃত্যুবার্ষিকীর দিন ৬ সেপ্টেম্বর প্রচারিত হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। এতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।
৭ সেপ্টেম্বর থাকছে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। এতে সালমান শাহ ও শাবনূরের সঙ্গে দেখা যাবে কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদিকে।
৮ সেপ্টেম্বর প্রচারিত হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। সিনেমাটিতে সালমান শাহর সহশিল্পী হিসেবে রয়েছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
৯ সেপ্টেম্বর দর্শক দেখতে পাবেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।
১০ সেপ্টেম্বর প্রচারিত হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।
সপ্তাহব্যাপী এই আয়োজনের শেষ দিন ১১ সেপ্টেম্বর প্রচারিত হবে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।
সালমান শাহ নেই তিন দশক ধরে। কিন্তু তাঁর অভিনীত সিনেমা, পর্দার সেই হাসি, প্রেম আর তারুণ্যের উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে অমলিন। প্রজন্ম বদলেছে, বদলেছে চলচ্চিত্রের ভাষা ও সময়, কিন্তু সালমান শাহকে ঘিরে দর্শকের ভালোবাসা বদলায়নি। দীপ্ত টিভির এই সপ্তাহব্যাপী আয়োজন সেই পুরোনো ভালোবাসা ও নস্টালজিয়াকে আবারও ফিরিয়ে আনবে দর্শকের ঘরে।