অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়।
তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ফলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি এখন আদালতেই হবে।
উল্লেখ্য, তানজিন তিশা বর্তমানে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এরই মধ্যে এই মামলার কারণে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।