র্যাপার বাদশাহর সঙ্গে সম্পর্ক ভাঙার পর প্রথমবার প্রকাশ্যে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী ঈশা রিখী। ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য প্রতিযোগী হিসেবে তাঁর নাম আলোচনায় আসতেই ব্যক্তিজীবনের এই অধ্যায়ও নতুন করে সামনে এসেছে।
মার্চ মাস থেকেই বাদশাহ ও ঈশার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরে ঈশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করলে সেই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশা জানান, শুরু থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। তাঁর ভাষায়, ব্যক্তিগত জীবনকে কখনোই জনসমক্ষে আলোচনার বিষয় বানানোর ইচ্ছা ছিল না। তবু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে বারবার নিজেকেই প্রশ্ন করতে হয়েছে, আমি কী ভুল করেছিলাম?
অভিনেত্রীর দাবি, তিনি সম্পর্ক এবং ভালোবাসা দুটোই বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কোনো নাটকীয়তা বা প্রকাশ্য বিতর্কে জড়াতে চাননি। কিন্তু তাঁর অজান্তেই মায়ের পোস্ট করা ছবিগুলো সবকিছু বদলে দেয়। এ নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার তর্কও হয়েছিল বলে জানান তিনি।
ঈশা বলেন, সেই সময় তিনি সবচেয়ে বেশি বিভ্রান্ত ছিলেন। একদিকে তাঁর মা একটি কথা বলছিলেন, অন্যদিকে বাদশাহ সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিচ্ছিলেন। ফলে সত্য-মিথ্যার দ্বন্দ্বে নিজেই অসহায় হয়ে পড়েন।
স্মৃতিচারণ করে তিনি বলেন, ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেকবার কথা বলেছি। ও আমাকে এমন একটি ছবি দেখিয়েছিল, যেটা আসল ছিল না। তখন নিজেকেই প্রশ্ন করছিলাম, আমি কীভাবে এতটা বোকা হতে পারি? ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়।
সাক্ষাৎকারে তাঁকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন? সংক্ষিপ্ত উত্তরে ঈশা বলেন, “হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।
এদিকে ঈশার এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি বাদশাহ। তবে ‘বিগ বস ২০’-এ তাঁর অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসার পর ব্যক্তিজীবনের এই ঘটনাও আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।