• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ ঘিরে এবার ভিন্ন গল্প, জুয়া ও রহস্যে ‘ফুটবল হট্টগোল’

ডেস্ক নিউজ / ৪২ পঠিত
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

চার বছর পরপর ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ, যার ঢেউ লাগে বাংলাদেশেও। প্রিয় দল আর্জেন্টিনা কিংবা ব্রাজিলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা, তর্ক-বিতর্ক ও আনন্দকে কেন্দ্র করে প্রতি আসরেই নির্মিত হয় নানা বিশেষ নাটক। তবে সেসবের বেশির ভাগই আবর্তিত হয় হাস্যরস আর দুই দলের সমর্থকদের চিরচেনা দ্বন্দ্বকে ঘিরে।

সেই পরিচিত ধারা থেকে বেরিয়ে এবার ভিন্ন গল্প নিয়ে এসেছে বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’। কমেডির বদলে এতে উঠে এসেছে ফুটবলকে ঘিরে গড়ে ওঠা জুয়া, অপরাধচক্র এবং আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার দিক। দীপু হাজরার পরিচালনায় নির্মিত নাটকটি আজ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে।

নাটকের মূল চরিত্র আয়ান চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি না পাওয়া আয়ানের সবচেয়ে বড় নেশা ফুটবল। আশ্চর্যের বিষয়, ম্যাচ নিয়ে তার করা প্রায় সব ভবিষ্যদ্বাণীই মিলে যায়। নিজের এই বিরল দক্ষতাকে কাজে লাগিয়ে সে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করে। অল্প সময়েই পেজটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আয়ানের ভবিষ্যদ্বাণীর ওপর ভরসা করে অনেকে বড় অঙ্কের জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। একসময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আয়ান, আর সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।

শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। তিনি একজন নবীন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ‘অক্টোপাস ভাই’ পেজের সন্ধান পান এবং আয়ানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন। সেই প্রতিবেদনের মাধ্যমে একদিকে যেমন তার পরিচিতি বাড়ে, অন্যদিকে আয়ানের সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব। কিন্তু আয়ান নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে বের করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেয় এই সাংবাদিক।

নাটকটি নিয়ে নির্মাতা দীপু হাজরা বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত নাটকে সাধারণত হাস্যরসই বেশি প্রাধান্য পায়। কিন্তু ফুটবলকে ঘিরে সমাজে জুয়া, অপরাধচক্রসহ নানা নেতিবাচক ঘটনাও ঘটে। আমরা সেই বাস্তবতাকেই গল্পে তুলে ধরার চেষ্টা করেছি। পুরো দল গল্পটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে আন্তরিকভাবে কাজ করেছে।

‘ফুটবল হট্টগোল’-এর অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ