• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ব্রাজিলের হারের পর তরুণের মৃত্যু, যা বললেন অপূর্ব

ডেস্ক নিউজ / ৪৭ পঠিত
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে দেশজুড়ে আলোচনা চলছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও বিদ্রূপের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে খেলাকে কখনোই জীবনের চেয়ে বড় করে না দেখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব।

মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অপূর্ব বলেন, কুষ্টিয়ার ওই তরুণের মৃত্যুর খবর তাকে গভীরভাবে ব্যথিত করেছে। একই সঙ্গে তিনি খেলাকে ঘিরে অতিরিক্ত উন্মাদনা, ট্রল ও অপমানজনক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এর আগে সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার বাসিন্দা রতন (২১) মারা যান। তিনি হোসেন মিস্ত্রির ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর নানা ধরনের বিদ্রূপ ও কটাক্ষে মানসিকভাবে ভেঙে পড়েন রতন। পরে তিনি আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি তাকে ব্যক্তিগতভাবেও নাড়া দিয়েছে বলে জানান অপূর্ব। তিনি লেখেন, ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি।

এরপর তিনি সবাইকে খেলাকে শুধুই বিনোদন হিসেবে দেখার আহ্বান জানান। তার ভাষায়, খেলায় হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে আনন্দ হবে, হারলে খারাপ লাগবে। কিন্তু সেটা যেন কখনো জীবনের চেয়ে বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।

খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন ব্যক্তিগত আক্রমণ বা অপমানের পর্যায়ে না পৌঁছায়, সেই বার্তাও দেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘ট্রল খেলার অংশ। কিন্তু অতিরিক্ত ট্রল, অপমান কিংবা কাউকে হেয় করা বন্ধ করুন। আপনার কাছে বিষয়টি মজা মনে হলেও অন্য কারও জন্য তা ভয়াবহ মানসিক কষ্টের কারণ হতে পারে।

সবশেষে জীবনের মূল্য সবচেয়ে বেশি উল্লেখ করে অপূর্ব বলেন, একটা দল আজ হারলে আগামীকাল আবার জিততে পারে। ট্রফিও একদিন আসবে। কিন্তু একটি জীবন চলে গেলে তা আর কখনো ফিরে আসে না।

অপূর্বের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার সঙ্গে একমত হয়ে খেলাকে ঘিরে অপ্রয়োজনীয় বিদ্রূপ, ট্রল ও ব্যক্তিগত আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ