অভিনয়কে কখনোই নির্দিষ্ট কোনো মাধ্যমে সীমাবদ্ধ করে দেখেন না ইয়াশ রোহান। তাঁর কাছে সিনেমা, টেলিভিশন নাটক কিংবা ওটিটি, সব প্ল্যাটফর্মই সমান গুরুত্বপূর্ণ। বরং একজন অভিনেতা হিসেবে তিনি বিশ্বাস করেন, দর্শকের কাছে একটি চরিত্র কতটা সত্যি ও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, সেটাই একজন শিল্পীর সবচেয়ে বড় সাফল্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ভাবনা তুলে ধরে ইয়াশ বলেন, আমি কখনো মাধ্যম নিয়ে ভাবি না। টেলিভিশনের নাটক, সিনেমা বা ওয়েব সিরিজ, সব জায়গাতেই আমার কাজ অভিনয় করা। তাই প্রতিটি চরিত্রে চেষ্টা করি দর্শকের কাছে সত্যিকার অর্থে পৌঁছে যেতে। আমি চাই এমন গল্পে কাজ করতে, যা মানুষকে হাসাবে, কাঁদাবে, ভাবাবে এবং অনেক দিন মনে থাকবে।
শুরু থেকেই গল্প ও চরিত্র বাছাইয়ে এই দর্শন অনুসরণ করে আসছেন ইয়াশ। সে কারণেই সাম্প্রতিক সময়ে নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। তারই ধারাবাহিকতায় হইচইয়ে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ হাজির হয়েছেন একেবারে ভিন্ন একটি চরিত্রে।
পরিচালক সালেহ সোবহান অনীম নির্মিত এই সিরিজে ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরলসহ আরও অনেকে। রহস্য, অনুসন্ধান আর পারিবারিক আবেগের মিশেলে নির্মিত সিরিজটি মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
‘হেডলাইন’-এর গল্প আবর্তিত হয়েছে বহু বছর আগের একটি সংবাদপত্রকে ঘিরে। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া একটি খবরই একসময় সামনে নিয়ে আসে এমন এক সত্য, যা বদলে দিতে পারে অনেক মানুষের জীবন। সেই সত্যের সন্ধানে নামেন দুই সাংবাদিক। তাদের অনুসন্ধান ঘিরেই এগিয়ে যায় পুরো কাহিনি।
এই সিরিজে সামিউল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। চরিত্রটি নিয়ে তিনি বলেন, এ ধরনের গল্পে আগে কাজ করার সুযোগ হয়নি। তাই সামিউল আমার জন্য ছিল একই সঙ্গে চ্যালেঞ্জ এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ।
তিনি আরও জানান, অভিনয়জীবনের শুরু থেকেই এমন একটি চরিত্রের অপেক্ষায় ছিলেন। তাই প্রস্তাব পাওয়ার পর চরিত্রটির প্রতিটি দিক বুঝে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছেন। এখন দর্শকই ঠিক করবেন সেই প্রচেষ্টা কতটা সফল হয়েছে।
শুধু ‘হেডলাইন’ নয়, সাম্প্রতিক সময়ে ছোট পর্দাতেও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন ইয়াশ। তাঁর অভিনীত ‘ওয়ারিশ’, ‘ঝরা বকুল’, ‘দ্য ফ্যামিলি’, ‘প্রেমের তরী’, অথবা তুমি আমি’ সহ একাধিক নাটক দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
শতাধিক নাটক, একাধিক সিনেমা এবং ওটিটি কনটেন্টে কাজের অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন ইয়াশ রোহান। আর তাঁর বিশ্বাস, জনপ্রিয়তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রতিটি নতুন কাজে দর্শকের আস্থা ধরে রাখা। সেই লক্ষ্য নিয়েই একের পর এক নতুন গল্পে নিজেকে ভাঙছেন এই অভিনেতা।