• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় বাঁধনের সিনেমা

ডেস্ক নিউজ / ৪৩ পঠিত
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গর্বের মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের অরিজোন্তি কমপিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এটি বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিল।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্মাণের পেছনে রয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের দীর্ঘ দুই দশকের প্রস্তুতি। ২০০৬ সালে গল্পটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের পরিকল্পনা করেছিলেন তিনি। পরবর্তী সময়ে গল্পের পরিধি বাড়িয়ে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন। চিত্রনাট্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমাটি নির্মাণের জন্য তিনি পেয়েছেন একাধিক আন্তর্জাতিক ফান্ড।

ছবির গল্প আবর্তিত হয়েছে এক তরুণীকে ঘিরে। ছোটবেলা থেকেই রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখা এই তরুণী হঠাৎ জটিল এক রোগে আক্রান্ত হয়। সুস্থ হয়ে উঠতে নানা ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেও যখন কোনো ফল পায় না, তখন ধীরে ধীরে তার মানসিক অস্থিরতা বাড়তে থাকে। একপর্যায়ে একটি বিউটি পার্লারে গিয়ে রহস্যময় এক লম্বা চুলের নারীকে কল্পনায় দেখতে শুরু করে সে। এরপরই গল্পে তৈরি হয় একের পর এক রহস্য ও নতুন বাঁক।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন করিম। গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামালকে। এছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস। সিনেমার বিভিন্ন বিভাগে কাজ করেছেন আন্তর্জাতিক অঙ্গনের একাধিক কলাকুশলী। ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকদের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন।

ভেনিসের প্রতিযোগিতা বিভাগে নিজের সিনেমা নির্বাচিত হওয়াকে দেশের চলচ্চিত্রের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের সিনেমা দিয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারছি, এটা আমার জন্য অনেক সম্মানের। এটা আমার স্বপ্নপূরণের গল্প। আমি চাই, দেশের সিনেমা আরও ভালো জায়গায় যাক।

এদিকে নিজের অভিনীত সিনেমা ভেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত আজমেরী হক বাঁধনও। এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে ভেনিসের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে দেশের চলচ্চিত্রের জন্যও এই অর্জনকে দেখা হচ্ছে একটি নতুন মাইলফলক হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ