• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

এক বছরের পথচলা শেষে পর্দা নামল সানজিদা অভিনীত ‘রূপনগর’-এর

এম.আর.জে শান্ত / ৮৭ পঠিত
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দীপ্ত টেলিভিশনে দীর্ঘ এক বছর ধরে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এর সম্প্রচার শেষ হয়েছে। ৩১১তম পর্বের মাধ্যমে ইতি টানা হয়েছে দর্শকপ্রিয় এই নাটকটির। আর এই সমাপ্তির মধ্য দিয়ে স্মৃতিময় এক অধ্যায়ের কথা তুলে ধরেছেন নাটকটির অন্যতম অভিনেত্রী সানজিদা তাসনীম।
২০২৫ সালে দীপ্ত টেলিভিশনের রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন সানজিদা। প্রতিযোগিতার শর্ত অনুযায়ী বিজয়ীদের অভিনয়ের সুযোগ দেওয়া হয় দীপ্ত টিভির নাটকে। সেই ধারাবাহিকতায় নির্মাতা কায়েসার আহমেদের পরিচালনায় ‘রূপনগর’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তার।
প্রচার শুরুর পর থেকেই পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন এবং অভিনয়শিল্পীদের সাবলীল পরিবেশনার কারণে দর্শকদের কাছে জনপ্রিয়তা পায় ‘রূপনগর’। নাটকটিতে সানজিদার বিপরীতে অভিনয় করেছেন শিবলী নোমান। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শ্যামল মাওলা, আনিকা কবির শখসহ আরও অনেকে।
দীর্ঘ সময় ধরে একই দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সানজিদার কাছে হয়ে উঠেছে বিশেষ স্মৃতির অংশ। নাটকটির সমাপ্তি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, গল্পের সূত্র ধরেই আমাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন তৈরি হয়েছিল। নাটকে আমার বড় ভাইয়ের চরিত্রে ছিলেন শ্যামল মাওলা ভাইয়া এবং বড় বোনের চরিত্রে আনিকা কবির শখ আপু। দীর্ঘ সময় একসঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তাদের কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি।
তিনি আরও জানান, পরিচালক কায়েসার আহমেদ এবং সহকারী পরিচালক জীবন সবসময় তাকে সহযোগিতা করেছেন। নতুন একজন শিল্পী হিসেবে কাজের পরিবেশ যেমন ছিল আন্তরিক, তেমনি ছিল শেখার সুযোগও। শুটিং চলাকালেই কলেজে পড়াশোনা করতেন সানজিদা। ফলে ক্লাস, সহপাঠীদের সঙ্গে সময় কাটানো এবং শুটিং—সব মিলিয়ে ব্যস্ত অথচ স্মরণীয় একটি সময় পার করেছেন তিনি।
দীপ্ত টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সানজিদা বলেন, দীপ্ত টিভির হাত ধরেই আমার এই অঙ্গনে আসা। ‘রূপনগর’ নাটকটি শেষ হওয়ার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।
৩১১ পর্বের দীর্ঘ পথচলার ইতি ঘটলেও অভিনয় থেকে বিরতি নিচ্ছেন না সানজিদা। নতুন গল্প ও ভিন্নধর্মী চরিত্রে শিগগিরই দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই তরুণ অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ