• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন রিফাত চৌধুরী

অনলাইন ডেস্ক / ২৪ পঠিত
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মেরুদণ্ডে অস্ত্রোপচার করিয়েছেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আরও কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে তাঁকে। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার পর মেয়ের বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন রিফাত চৌধুরী।

গত মাসে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হন তিনি। শুরুতে হাসপাতালের মেঝেতে থাকতে হলেও পরে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর প্রয়োজনীয় চিকিৎসাও শুরু হয়। সম্প্রতি তাঁর মেরুদণ্ডে দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচার করা হয়েছে।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে রিফাত চৌধুরী বলেন, এখন বেশ ভালো আছি। গত বৃহস্পতিবার মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল রোববার ব্যান্ডেজ খুলে নতুন করে দেওয়া হয়েছে। আজ আবার চিকিৎসক এসে দেখে গেছেন।

হাসপাতালে ভর্তির সময় রিফাত চৌধুরীর পাশে ছিলেন না কেউ। তবে পরিস্থিতি এখন বদলেছে। বর্তমানে স্বজনেরা তাঁর দেখভাল করছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন তিনি।

অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন রিফাত চৌধুরী। আপাতত একা থাকার ঝুঁকি নিতে চান না তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মেয়ের বাসায় ওঠার পরিকল্পনা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তার বলেছেন সপ্তাহখানেক পর ছুটি মিলতে পারে। এখান থেকে ছাড়া পেয়ে মেয়ের বাসায় উঠব। কারণ, মেজর অপারেশন হয়েছে। হাঁটতেও পারছি না। রুটিন মেনে চলতে হবে। এ অবস্থায় একা থাকা সম্ভব নয়। এত দিন সেভাবে চিকিৎসাও হয়নি। চিকিৎসক বলেছেন, সুস্থ হতে সময় লাগবে।

চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছেন এই কবি ও অভিনেতা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে সুস্থ হয়ে ওঠাই তাঁর প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ