• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেতা ডন

বিনোদন প্রতিবেদক / ৩২ পঠিত
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডন। রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা ডনকে গ্রেফতার করেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে একটি দল সেখানে গিয়ে তাকে নিয়ে যায়।

ওসি বলেন, ‘সিআইডিতে একটি মামলা চলমান রয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।’

সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর এ ঘটনায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। এরপর ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

সালমান শাহর মৃত্যুর পর থেকেই এর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা ও সন্দেহ রয়েছে। মৃত্যুরহস্য উদ্ঘাটনে একাধিক তদন্ত সংস্থা কাজ করেছে। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে।

তবে পিবিআইয়ের সেই প্রতিবেদন মেনে নেয়নি সালমান শাহর পরিবার ও ভক্তদের একটি অংশ। তাদের দাবি ছিল, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে এ নিয়ে আইনি ও সামাজিক পর্যায়ে আলোচনা চললেও বিষয়টির নিষ্পত্তি হয়নি।

পরবর্তীতে আদালতের নির্দেশে হত্যা মামলা হিসেবে বিষয়টি নতুন করে সামনে আসে। মামলাটি এখন সিআইডি তদন্ত করছে। এরই মধ্যে মামলার অন্যতম আসামি আশরাফুল হক ডনের গ্রেফতারকে ঘিরে সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ