• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

পাঁচ বছরেও মুক্তি পায়নি কবরীর শেষ সিনেমা

ডেস্ক নিউজ / ৪১ পঠিত
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর জন্মদিন ছিল গতকাল (১৯ জুলাই)। অভিনয়জীবনে অসংখ্য সফলতার পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি রেখে যেতে চেয়েছিলেন নিজের স্বাক্ষর। কিন্তু তার সেই স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘এই তুমি সেই তুমি’, আজও মুক্তির অপেক্ষায়। কবরীর মৃত্যুর পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সিনেমাটি দর্শকের সামনে না আসায় নতুন করে আলোচনায় এসেছে এর ভবিষ্যৎ।
চট্টগ্রামের বোয়ালখালীতে ১৯৫০ সালের ১৯ জুলাই জন্ম নেওয়া কবরী মাত্র ১৪ বছর বয়সেই চলচ্চিত্রে পা রাখেন। সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ ছিল তার প্রথম সিনেমা। এরপর একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান। ‘সুজন সখী’, ‘সারেং বৌ’, ‘ময়না মতি’, ‘নীল আকাশের নিচে’ ও ‘তিতাস একটি নদীর নাম’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম।
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও আগ্রহ ছিল কবরীর। ২০০৬ সালে ‘আয়না’ নির্মাণের পর দীর্ঘ বিরতি শেষে সরকারি অনুদানে শুরু করেন ‘এই তুমি সেই তুমি’। মুক্তিযুদ্ধের আবহ এবং সমসাময়িক বাস্তবতাকে ঘিরে নির্মিত এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছিলেন তিনি নিজেই।
২০২০ সালে শুটিং শুরু হওয়ার পর করোনা মহামারির মধ্যেও কাজ প্রায় শেষ করে ফেলেছিলেন কবরী। শেষ করতে বাকি ছিল মাত্র দুই দিনের শুটিং। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৭ এপ্রিল তার মৃত্যু হলে নির্মাণকাজ থেমে যায়।
পরে মায়ের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নেন ছেলে শাকের চিশতী। কবরীর পরিকল্পনা ও স্টোরিবোর্ড অনুসরণ করে বাকি শুটিং, ডাবিং এবং সম্পাদনার কাজ শেষ করা হয়। ২০২৩ সালের শেষ দিকে তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দেশে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। কিন্তু সেই ঘোষণা বাস্তবে রূপ নেয়নি।
সম্প্রতি শাকের চিশতী দাবি করেছেন, চলচ্চিত্রটির সাবটাইটেল তৈরির কাজ চলছে এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। তবে এই দাবির সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না সরকারি তথ্যের।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার পর্যন্ত ‘এই তুমি সেই তুমি’ তাদের কাছে ছাড়পত্রের জন্য জমা পড়েনি। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, সরকারি অনুদানের সিনেমার শুটিং শেষ হলে তা আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হয় এবং এরপরই অনুদানের বাকি অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে এমন কোনো আবেদন বা শুটিং সম্পন্ন হওয়ার আনুষ্ঠানিক তথ্য এখনো তাদের কাছে পৌঁছায়নি।
এতে করে নির্মাতাপক্ষের বক্তব্য এবং সরকারি দপ্তরের তথ্যের মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য দেখা দিয়েছে। ফলে কবরীর শেষ পরিচালিত সিনেমাটি আদৌ কবে মুক্তি পাবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
উল্লেখ্য, ‘এই তুমি সেই তুমি’ কবরীর কাছে ছিল বিশেষ আবেগের একটি প্রকল্প। এই সিনেমার জন্য তিনি প্রথমবারের মতো গানও লিখেছিলেন। গানটির সংগীত পরিচালনা করেন সাবিনা ইয়াসমিন এবং কণ্ঠ দেন ইমরান ও কোনাল।
জন্মদিনে কবরীকে স্মরণ করতে গিয়ে তাই আবারও সামনে এসেছে একটি প্রশ্ন। দর্শক কি কখনো বড় পর্দায় দেখতে পাবেন তার শেষ পরিচালিত সিনেমা, নাকি ‘এই তুমি সেই তুমি’ চিরকালই থেকে যাবে এক অসমাপ্ত স্বপ্নের গল্প হয়ে?

ছবি: কালবেলা অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ