• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

যশোরের পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করবেন ববিতা

ডেস্ক নিউজ / ৩৯ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা জীবনের শেষ প্রান্তে এসে মানুষের কল্যাণে স্থায়ী একটি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন। সমাজের জন্য স্মরণীয় কিছু রেখে যাওয়ার প্রত্যয় থেকেই তিনি যশোরের পৈতৃক ভিটায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

সম্প্রতি বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে যশোরের বিজয়নগরে অবস্থিত তাদের দাদাবাড়ি পরিদর্শনে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শৈশবের নানা স্মৃতিবিজড়িত সেই সফরেই মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত জমি নির্বাচন ও চূড়ান্ত করেন বলে গণমাধ্যমকে জানান তিনি।

ববিতা বলেন, এবার দাদাবাড়িতে গিয়ে মসজিদের জন্য জমি দেখে এসেছি। জমি চূড়ান্ত করে এসেছি। এতে আমার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আমাকে একটি ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন। আমি খুব সুন্দর করে একটি মসজিদ নির্মাণ করতে চাই।

তিনি আরও বলেন, একদিন তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। তাই চলে যাওয়ার আগে এমন একটি ভালো কাজ করে যেতে চাই, যা মানুষের উপকারে আসবে। খুব শিগগিরই মসজিদের নকশা তৈরি করব। এরপর ধীরে ধীরে নির্মাণকাজ শুরু হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রখ্যাত নির্মাতা জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ববিতা। অভিনয়জীবনের শুরুতে তার নাম ছিল ‘সুবর্ণা’। পরে জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয়ের সময় তার নাম পরিবর্তন করে রাখা হয় ‘ববিতা’। সেই নামেই তিনি পরবর্তীতে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ