• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

এখন বুঝতে পারছি মৌসুমী কেন ওমর সানীকে চাবুক মারতেন: জয়

ডেস্ক নিউজ / ৫০ পঠিত
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেই বিতর্কে যোগ হয়েছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি ফেসবুক পোস্ট, যা প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফেসবুক পোস্টে জয় লেখেন, ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বইয়ের দশকে সিনেমায় দেখতাম মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন। কেন মারতেন, এখন বুঝতে পারছি।

পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ এটিকে নিছক রসিকতা হিসেবে দেখেছেন, আবার অনেকের মতে, একজন জ্যেষ্ঠ শিল্পীকে নিয়ে এমন মন্তব্য শোভন হয়নি।

জানা গেছে, সম্প্রতি একটি ভিডিওতে লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেন ওমর সানী। সেই বক্তব্য প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরে আর্জেন্টিনা দলের সমর্থকদের উদ্দেশে দেওয়া তার আরেকটি মন্তব্যও সামনে এলে বিতর্ক আরও জোরালো হয়।

এদিকে নিজের ফেসবুক পোস্ট নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু খেলা নিয়ে বিভাজন, বিদ্বেষ কিংবা অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হওয়া উচিত নয়। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, তা অনেক সময় সীমা ছাড়িয়ে যায়।

জয়ের ভাষ্য, ওমর সানী তার অত্যন্ত পছন্দের একজন মানুষ। তবে নিজের প্রিয় ফুটবলার মেসিকে নিয়ে মন্তব্য করায় তিনি শুধুই হাস্যরসের ছলে ওই পোস্টটি করেছিলেন। কাউকে হেয় বা অপমান করার কোনো উদ্দেশ্য তার ছিল না বলেও জানান তিনি।

ওমর সানীর বক্তব্য এবং জয়ের ফেসবুক পোস্টকে ঘিরে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে হাজারের বেশি মন্তব্য এবং কয়েকশ শেয়ার জমা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ