দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের গল্প লিখছে মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম চলচ্চিত্র ‘দেলুপি’। গত বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানো ছবিটি এবার প্রদর্শিত হয়েছে ইতালির রোমে অনুষ্ঠিত কারাওয়ান ফেস্টিভ্যালে।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হওয়া ‘দেলুপি’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় খোলা আকাশের নিচে। রোমের তর পিগনাতারা প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়ে ছবিটি উপভোগ করেন। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এই অভিজ্ঞতা নির্মাতার কাছে ফিরিয়ে এনেছে ছবিটির প্রথম বিশেষ প্রদর্শনীর স্মৃতি। কারণ, ‘দেলুপি’র শুটিং হয়েছিল খুলনার দেলুটি গ্রামে। ছবিতে অভিনয়ও করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের জন্য সেখানকার কালীনগর দারুণ মল্লিক স্কুলের মাঠে খোলা আকাশের নিচে আয়োজন করা হয়েছিল ছবিটির বিশেষ প্রদর্শনী, যা ব্যাপক সাড়া ফেলেছিল।
রোমের প্রদর্শনী নিয়ে নিজের ফেসবুকে তাওকীর ইসলাম লিখেছেন, কালীনগর দারুণ মল্লিক স্কুলের মাঠে আকাশের নিচে যেভাবে ‘দেলুপি’র প্রিমিয়ার হয়েছিল, সেই স্মৃতিরই যেন পুনরাবৃত্তি হলো রোমের তর পিগনাতারা প্রাঙ্গণে। ফেস্টিভ্যালের মূল পোস্টারে ‘দেলুপি’র দৃশ্য, সবই প্রথম অভিজ্ঞতা এবং বাংলা সিনেমার জন্য অদ্ভুত সম্মানের ব্যাপার।
এর আগে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা অর্জন করেছে ‘দেলুপি’। সম্প্রতি ছবিটি নিয়ে নতুন একটি সুখবরও আসে। বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপ আন্তর্জাতিক অঙ্গনে ছবিটির নিবেদক (Presenter) হিসেবে যুক্ত হয়েছেন। বিষয়টি ‘দেলুপি’র বৈশ্বিক যাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।