• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ভারতে মুক্তি পেল জয়ার নতুন সিনেমা, প্রথম দিনেই মিলছে দারুণ সাড়া

ডেস্ক নিউজ / ৪৭ পঠিত
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বহুদিন ধরেই দুই বাংলার চলচ্চিত্রে সমানভাবে নিজের অবস্থান ধরে রেখেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত এই অভিনেত্রী বাংলা সিনেমার গণ্ডি পেরিয়ে হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত ‘ওসিডি’। সিনেমাটিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়। এর আগে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাতেও অনবদ্য অভিনয়ের জন্য আলোচনায় ছিলেন তিনি। ভারতীয় বাংলা চলচ্চিত্রে তার ধারাবাহিক সাফল্য বাংলাদেশের সিনেমাকেও আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরছে।

সেই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১০ জুলাই) পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ছবিটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিকুয়েল।

নতুন সিনেমার মুক্তিকে ঘিরে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া। প্রচারণা, বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার এবং সিনেমা-সংশ্লিষ্ট নানা আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।

কলকাতার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, নতুন সিনেমা নিয়ে দারুণ সময় কাটছে। এতদিন ছবিটি আমাদের ছিল, আর আজ থেকে এটি দর্শকদের। আশা করছি, তারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং ভালোবাসায় সিক্ত করবেন।

মুক্তির প্রথম দিনেই কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার খবরেও উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি বলেন, শুনছি কয়েকটি হলে সিনেমাটি হাউজফুল যাচ্ছে। এটা সত্যিই আনন্দের খবর। দর্শক এভাবেই ভালোবাসা দেবেন, এটাই প্রত্যাশা। গল্পটি খুব সুন্দর। কৌশিকদা অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

সিনেমা মুক্তির পর দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, সব হলে যাওয়া হয়তো সম্ভব হবে না। তবে কয়েকটি হলে অবশ্যই যাব। আর প্রিমিয়ার শোতে তো থাকছিই।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের টানাপোড়েন, মানবিক আবেগ এবং জীবনের বাস্তবতা তুলে ধরে দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। ‘আজও অর্ধাঙ্গিনী’ সেই গল্পেরই নতুন অধ্যায়। নতুন ছবিতেও ভালোবাসা, বিচ্ছেদ, সম্পর্কের জটিলতা এবং জীবনের নানা আবেগঘন মুহূর্তকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি।

এ প্রসঙ্গে জয়া বলেন, অর্ধাঙ্গিনীর জন্য দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম। বিশ্বাস করি, ‘আজও অর্ধাঙ্গিনী’ দেখেও তারা ভালো লাগার কথা জানাবেন। শুধু এটুকুই বলব, গল্পটি তাদের মন ছুঁয়ে যাবে।

সিনেমাটিতে জয়া আহসানকে দেখা যাবে ‘মেঘনা’ চরিত্রে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে প্রকাশিত ট্রেলার দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। ফলে মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ