ভারতীয় অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার (৭ জুলাই) থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে রাজেশ শর্মার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে তার স্বাস্থ্যগত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেতার ব্যক্তিগত সহকারী শুভাশিস পাণ্ডা। তিনি জানান, কোনো বিষাক্ত পোকার কামড়ে রাজেশ অসুস্থ হননি। এমনকি হায়দরাবাদে শুটিং চলাকালীন অসুস্থ হওয়ার খবরও সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, অসুস্থ হওয়ার তিন দিন আগেই হায়দরাবাদের শুটিং শেষ করে কলকাতায় ফিরে আসেন রাজেশ।
শুভাশিস জানান, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। পায়ে চুলকানি হওয়ায় সেখানে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তিনি বলেন, ভুল তথ্যের কারণে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। রাজেশ এখন অনেকটাই ভালো আছেন।
রাজেশ শর্মার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারও। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, শুটিংয়ের সময় পোকামাকড়ের কামড়ের পর আমার প্রিয় বন্ধু রাজেশের স্বাস্থ্যের খবর শুনে খুব উদ্বিগ্ন। আশা করি মহাদেব তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু। এখনও একসঙ্গে বসে অনেক আনন্দ করার বাকি।
উল্লেখ্য, ‘পারমিতার একদিন’, ‘পরিণীতা’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘এমএস ধোনি’ এবং ‘মিশন রানিগঞ্জ’-সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রাজেশ শর্মা দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।