• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনে পরাজয়ের পরই চলচ্চিত্র অনুদান কমিটিতে দায়িত্ব পেলেন মুক্তি

ডেস্ক নিউজ / ৬৬ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

একসময় ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের অন্যতম ছিলেন রুমানা ইসলাম মুক্তি। বড় পর্দায় এখন আর নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন তিনি। এবার সরকারি চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৫-২৬ অর্থবছরের সরকারি অনুদানের চলচ্চিত্র নির্বাচন কমিটি পুনর্গঠনের তথ্য জানানো হয়। ১১ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রুমানা ইসলাম মুক্তিকে।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুক্তি। তবে তিনি জয়ী হতে পারেননি। নির্বাচনে পরাজয়ের অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই কমিটিতে দায়িত্ব পাওয়ায় বিষয়টি চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সভাপতি এবং যুগ্মসচিব (চলচ্চিত্র)কে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, প্রযোজক সরদার সানিয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।

সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২৫ (সংশোধিত) অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য জমা পড়া প্রকল্পগুলো পর্যালোচনা করে সুপারিশ করবে এই কমিটি। তাদের সুপারিশের ভিত্তিতেই ২০২৫-২৬ অর্থবছরে কোন কোন চলচ্চিত্র সরকারি অনুদান পাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রুমানা ইসলাম মুক্তির চলচ্চিত্রে অভিষেক হয় প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার মাধ্যমে। ছবিতে ‘গোপী’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘চাঁদের আলো’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ