চতুর্থ বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় বাংলা টেলিভিশনের অভিনেত্রী সুস্মিতা রায়। এবার সেই আলোচনায় যোগ হলো নতুন অধ্যায়। বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় প্রথম সন্তানের মা হয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক মাধ্যমে নিজেই সুখবরটি জানান সুস্মিতা। তবে নবজাতক ছেলে নাকি মেয়ে, তা আপাতত গোপন রেখেছেন তিনি ও তার স্বামী ব্যবসায়ী শুভাশিস দে।
ভারতীয় গণমাধ্যমকে শুভাশিস জানান, সোমবার সকালে সন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। আগামী ৯ জুলাই হাসপাতাল থেকে বাসায় ফেরার পর সন্তানের বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
গত মার্চে সুস্মিতার চতুর্থ বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সে সময় বিষয়টি অস্বীকার করেছিলেন অভিনেত্রী। পরে সময়ের সঙ্গে সেই গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো।
এই সুখবরের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষও কম হয়নি। অনেকেই দাবি করছেন, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। কেউ কেউ আবার সন্তানের পিতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনকি কিছু অশালীন মন্তব্যও ছড়িয়ে পড়েছে বিভিন্ন পোস্টের মন্তব্যঘরে।
আলোচনার এই কেন্দ্রবিন্দুতে আসার পেছনে রয়েছে সুস্মিতার ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক। চতুর্থ বিয়ের ঘোষণা দেওয়ার আগে প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। দাবি করেন, বৈবাহিক জীবনে দীর্ঘদিন মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি তাকে ‘থ্রিসাম’-এ অংশ নিতে চাপ দেওয়া হতো এবং সন্তান নেওয়ার ইচ্ছাও নাকি গুরুত্ব পায়নি সেই সংসারে।
সুস্মিতা জানান, ২০১৯ সালে একবার অন্তঃসত্ত্বা হলেও মৃত সন্তান প্রসব করতে হয়েছিল তাকে। সেই শোক বয়ে বেড়ানোর পর অবশেষে সাত বছর পর মাতৃত্বের স্বাদ পেলেন তিনি।
মা হওয়ার অনুভূতি প্রকাশ করে সুস্মিতা লেখেন, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।
‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান সুস্মিতা রায়। পরে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকেও তার অভিনয় প্রশংসিত হয়।