বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন বয়সের ভার ও নানা শারীরিক জটিলতাকে পাশ কাটিয়ে আবারও ফিরেছেন গানের স্টুডিওতে। ৭১ বছর বয়সেও সংগীতের প্রতি তার অদম্য ভালোবাসা যেন একটুও কমেনি। শরীর কিছুটা সুস্থ বোধ করলেই তিনি দাঁড়িয়ে যান মাইক্রোফোনের সামনে, নতুন গান নিয়ে।
শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে তার নতুন একটি গানের রেকর্ডিং। গানটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি। এর কথা লিখেছেন জমাদ্দার সবুজ। সুর ও সংগীতায়োজন করেছেন জীবন ওয়াসিফ। গানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী সালমান রাজ।
নতুন গান প্রসঙ্গে ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। গানটি প্রথম শুনেই আমার খুব ভালো লেগেছে। এর সুর ও কথায় আলাদা সৌন্দর্য আছে। জীবন ওয়াসিফ একজন মেধাবী সুরকার। আমি চাই, তার কাজ আরও বেশি মানুষের কাছে পৌঁছাক। ভবিষ্যতেও নিশ্চয়ই তার সঙ্গে আরও গান করব।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী এখনও সমান উৎসাহ নিয়ে নতুন সৃষ্টি করে চলেছেন। তার সমসাময়িক অনেক শিল্পী আজ আর নেই, কিন্তু সাবিনা ইয়াসমিনের কণ্ঠ এখনও শ্রোতাদের মুগ্ধ করে। শুধু নিজের প্রজন্ম নয়, নতুন প্রজন্মের শিল্পী ও সুরকারদের সঙ্গেও নিয়মিত কাজ করে তিনি প্রমাণ করে চলেছেন, সংগীতই তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা।
ভক্তদের বিশ্বাস, আগের অসংখ্য জনপ্রিয় গানের মতো নতুন এই গানটিও শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।