দুই বাংলার দর্শকদের কাছে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, জীবনযাপন ও মানবিক কর্মকাণ্ডের জন্যও তিনি আলাদা করে প্রশংসিত। আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন।
একসময় জন্মদিন মানেই ছিল কেক কেটে উদযাপন। তবে ২০১৭ সালের হোলি আর্টিজান হামলার পর সেই প্রথা থেকে সরে আসেন জয়া। এরপর থেকে নিজের জন্মদিনে আর কেক কাটেন না তিনি। শুভাকাঙ্ক্ষীদের পাঠানো কেকের বেশির ভাগই বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মী এবং আশপাশের মানুষের মধ্যে বিতরণ করে দেন। শুধু তাই নয়, বহু বছর ধরে নিজের জন্মদিনে পথকুকুরদের খাবার খাওয়ানোর উদ্যোগও নেন তিনি। পরিবারের অন্য সদস্যদের জন্মদিনেও একই কাজ করে থাকেন।
গোপালগঞ্জে জন্ম নেওয়া জয়া আহসানের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এ এস মাসউদ এবং মা রেহানা মাসউদ ছিলেন একজন শিক্ষিকা। ছোটবেলা থেকেই নাচ, গান ও চিত্রাঙ্কনের প্রতি তার ছিল গভীর আগ্রহ। অভিনয়ে আসার আগে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করেছেন। পাশাপাশি একটি সংগীত বিদ্যালয়ও পরিচালনা করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ১৯৯৮ সালে মডেল ও অভিনেতা ফয়সল আহসানকে বিয়ে করেন জয়া। ২০১১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলেও ব্যক্তিগত জীবনের সেই অধ্যায় কখনোই তার পেশাগত পথচলাকে থামিয়ে রাখতে পারেনি। বরং সময়ের সঙ্গে নিজেকে আরও পরিণত ও বৈচিত্র্যময় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
২০০৪ সালে ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও ‘গেরিলা’ সিনেমায় বিলকিস বানু চরিত্রে অভিনয় তাকে এনে দেয় ব্যাপক প্রশংসা ও জাতীয় স্বীকৃতি। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৩ সালে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পান তিনি।
অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় জয়া আহসান। ‘এনেছি সূর্যের হাসি’ ধারাবাহিকে অভিনয়ের পর তিনি জাতিসংঘের নারী ও শিশু সহায়তা কার্যক্রমের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
অভিনয়ের প্রতি নিষ্ঠা, চরিত্রের গভীরে প্রবেশ করার দক্ষতা এবং নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপনের মানসিকতার কারণে জয়া আহসান আজ দুই বাংলার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। অভিনয়জীবনে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
বয়সকে যেন প্রতিনিয়ত হার মানিয়ে নিজের সৌন্দর্য, অভিনয়গুণ ও শিল্পসত্তা দিয়ে আজও দর্শকদের মুগ্ধ করে চলেছেন জয়া আহসান। জন্মদিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।