• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মায়ের অসুস্থতায় দোয়া চাইলেন মনির খান

ডেস্ক নিউজ / ৪৯ পঠিত
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন (৮৭) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হলেও বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

গতকাল জাগো নিউজের সঙ্গে আলাপকালে মায়ের অসুস্থতার বিষয়ে কথা বলেন মনির খান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তার মা। এরপর পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহের মহেশপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোরে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

মনির খান বলেন, আম্মা হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেছিলেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দ্রুত যশোরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখানে ভর্তি করার পর তাকে আইসিইউতে রাখা হয়।

প্রথমদিকে পরিবারের সদস্যরা আশঙ্কা করেছিলেন, তিনি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, এটি হার্ট অ্যাটাক নয়।

এ প্রসঙ্গে মনির খান বলেন, আমার মনে হয়েছিল কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। কিন্তু রিপোর্ট পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে পরীক্ষা করে জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাক করেননি। শরীরের ভেতরের কোনো সংক্রমণের কারণে ব্যথা হতে পারে। এছাড়া তার রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।

তিনি জানান, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার মায়ের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

মায়ের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এই সংগীতশিল্পী বলেন, চিকিৎসার পর এখন অনেকটাই ভালো আছেন। আশা করছি খুব দ্রুত তাকে বাসায় নিয়ে যেতে পারব।

ব্যক্তিগত প্রসঙ্গে মনির খান জানান, তার বাবা মারা যাওয়ার পর মা মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন। এখনও গ্রামের বাড়িতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

মনির খানের ভাষায়, আব্বা চলে যাওয়ার পর আম্মা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তিনি ঢাকায় থাকতে চান না। গ্রামের বাড়িতেই আমার দুই ভাইয়ের সঙ্গে থাকেন। সুযোগ পেলেই আমি গিয়ে তাকে দেখে আসি।

সবশেষে মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই জনপ্রিয় শিল্পী।

বাংলা গানের শ্রোতাদের কাছে দীর্ঘদিন ধরেই প্রিয় নাম মনির খান। ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এ পর্যন্ত তার ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি দ্বৈত ও মিশ্র অ্যালবাম মিলিয়ে তার গানের ভাণ্ডারও সমৃদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ