দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে সম্প্রতি পাওয়া একটি বিশেষ উপহার তাকে শুধু আনন্দিতই করেনি, মুহূর্তের জন্য বাকরুদ্ধও করে দিয়েছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পক্ষ থেকে অপু বিশ্বাসকে উপহার দেওয়া হয়েছে একটি ‘সোনার কলস’। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার হাতে এই বিশেষ উপহার তুলে দেন।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল বগুড়ার মমইন এলাকায় অনুষ্ঠিত দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মহড়ার সময় ফরিদুর রেজা সাগরের কাছে নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন অপু বিশ্বাস। সেই ইচ্ছারই বাস্তব রূপ হিসেবে ২ জুনের বিশেষ আয়োজনে তাকে ‘সোনার কলস’ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে অপু বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী কুসুম সিকদার ও উপস্থাপক সামান্তা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফতেখার মুনিম। আগামী শুক্রবার দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে এটি প্রচারিত হবে।
বিশেষ এই প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি জানান, সাংবাদিক আবদুর রহমানের ফোন পেয়ে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে পৌঁছে এমন আয়োজন দেখে তিনি বিস্মিত হয়ে যান। ফরিদুর রেজা সাগরের হাত থেকে ‘সোনার কলস’ গ্রহণের মুহূর্তটি তার কাছে ছিল অত্যন্ত আবেগঘন।
অপু বিশ্বাস লিখেছেন, সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য স্পিচলেস হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে?
চ্যানেল আইকে তিনি কেবল একটি টেলিভিশন চ্যানেল হিসেবে দেখেন না বলেও উল্লেখ করেন। তার ভাষায়, এটি শিল্পীদের জন্য একটি আপন ঠিকানা। আর ফরিদুর রেজা সাগর একজন অভিভাবকের মতো, যাকে তিনি জীবনের বিভিন্ন সংকট, দুঃসময় ও পেশাগত প্রয়োজনে পাশে পেয়েছেন।
অভিনেত্রীর মতে, ‘সোনার কলস’-এর মূল্য শুধু সোনার দামে পরিমাপ করা সম্ভব নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আশীর্বাদ এবং তার দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি।
অপু বিশ্বাসের ভাষায়, আমার শিল্পীজীবনের সবচেয়ে আবেগঘন, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।